৬ই ডিসেম্বর বাবাসাহেব আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে জাঁতা পেষাইয়ের গানের সংকলন পারি’র গ্রাইন্ডমিল সংগস্ প্রজেক্ট নিবেদন করছে এই ওভিটি যেটি গাইতে গাইতে লাওয়ারদে গ্রামের লীলাবাই শিন্ডে আম্বেদকরের প্রতি তাঁর ভালবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন
“আমরা আমার মায়ের বাড়িতে আছি, কারণ আমার বাড়িটা ভেঙেচুরে আবার নতুন করে বানানো হচ্ছে,” পুণে জেলার মুলশি তালুকের লাওয়ারদে গ্রামের লীলাবাই শিন্ডে এমনটাই জানালেন আমাদের। ২০১৭ সালের এপ্রিলে আমরা গিয়েছিলাম ওঁর কাছে। জাঁতা পেষাইয়ের গানের সংকলন গ্রাইন্ডমিল সংগস্ ডেটাবেসের আরেকজন গায়িকা জয় সাখালে থাকতেন ঠিক পাশের বাড়িটাতে, লীলাবাই তাঁরই একমাত্র মেয়ে। নিজের মায়ের ফ্রেমবদ্ধ একটি ফটো আমাদের দেখিয়ে উনি সেটা সযত্নে খবরের কাগজে মুড়ে তুলে রাখলেন একটা বড়সড় শস্য মজুত করে রাখার টিনের কৌটোয়। আমাদের অবাক অবস্থা দেখে উনি বোঝালেন: “বাড়ির কোনো দেওয়ালেই পেরেক গাঁথা নেই তো আসলে।”





