পারি লাইব্রেরি-র কাছে ২০২৪ একটি নতুন মাইলফলক – পারি-র ইতিহাসে সবচেয়ে বেশি তথ্য এবং নথিপত্র আমরা নিজেদের সংগ্রহে এনেছি এ’বছর। এর মধ্যে আছে নানা আইন ও বিধি, বইপত্র, নিয়ম-নির্দেশিকা, প্রবন্ধ, সংকলন, শব্দকোষ, সরকারি রিপোর্ট, পুস্তিকা, সমীক্ষা এবং প্রচুর প্রচুর নিবন্ধ।
এই বছরে রেকর্ড ভেঙেছে আরও নানান রকম, যার সবকটিই সুখপ্রদ নয় – ২০২৩ সালের রেকর্ড ভেঙে ইতিহাসে উষ্ণতম বছর বলে ঘোষিত হয়েছে ২০২৪। দ্রুত বদলাতে থাকা জলবায়ু প্রভাব ফেলেছে পরিযায়ী প্রাণীদের জীবনধারায়, প্রতি পাঁচ প্রজাতিতে একটি এখন বিলুপ্তির পথে। আর বিপদের আওতায় ভারতের আসমুদ্র-হিমাচল জুড়ে থাকা জলাভূমি – দেশের সমস্ত ঝিল, খালবিল, সরোবর, তালাও, তাল, স্পাং, কোলা আর চেরুভু।
গরম আর দূষণের আন্তসম্পর্ক নিয়ে বহু তথ্যই সামনে এসেছে, এশিয়ায় বিশেষ করে ইন্দ্রিয়গ্রাহ্য ধূলিকণার প্রকোপে বায়দূষণ ভয়াবহ রূপ নিয়েছে। ভারতে তার ঘনত্ব ছিল কিউবিক মিটার প্রতি ৫৪.৪ মাইক্রোগ্রাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-নির্ধারিত ঊর্ধ্বসীমার চেয়ে যা ১১ গুণ বেশি। নয়াদিল্লিতে এই কিউবিক মিটার প্রতি ঘনত্ব ১০২.১ মাইক্রোগ্রাম, অর্থাৎ অবস্থা আরও খারাপ। রাজধানীর দূষণ অনুপ্রেরণা হয়েছে রাইড-শেয়ারিং পরিষেবার এক ঠিকা কর্মীকে নিয়ে একটি কমিক স্ট্রিপের।







