বেজায় কর্মব্যস্ত ছিল ২০২৩।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রায় প্রতিদিনই ভারতের কোনও না কোনও জায়গায় চরম আবহাওয়াঘটিত পরিস্থিতি দেখা গেছে। সেপ্টেম্বরে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল আনা হয় লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করার উদ্দেশ্যে, কিন্তু তার রূপায়ণ হতে এখনও ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই মধ্যে জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে ২০২২ সালে ভারতে নারীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের সংখ্যা ৪৪৫,২৫৬। অগস্ট মাসে সুপ্রিম কোর্ট লিঙ্গভিত্তিক ছাঁচিকরণ বা স্টিরিওটাইপের মোকাবিলা করার লক্ষ্যে একটি পুস্তিকা প্রকাশ করে, যেখানে কিছু ‘ক্ষতিকর ধ্যানধারণা’ থেকে উদ্ভূত আইনি পরিভাষার বিকল্প দেওয়া হয়, অথচ প্রায় একই সময়ে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি প্রদানের বিরুদ্ধে রায় দেয়। নয়টি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে এ’বছর, এবং সাম্প্রদায়িক ও জাতপাতের ভিত্তিতে হিংসা ও হানাহানির খবর শিরোনামে থেকেছে প্রায় সারাটা বছর ধরেই। ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের জুলাই মাসের মধ্যে ভারতে কোটিপতির মোট সংখ্যা ১৬৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭৪। বছরের প্রথম নয় মাসে ১৫-২৯ বছর বয়সিদের মধ্যে বেকারত্বের হার গড়ে ১৭.৩ শতাংশের আশপাশে থেকেছে।








