আপনার বয়স যদি ৬ থেকে ১৪ বছরের মধ্যে হয়, তাহলে কাছেপিঠের পাড়ার স্কুলে “বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা” আপনার অধিকার। ২০০৯ সালে, বিনামূল্যে বাধ্যতামূলক শিশুশিক্ষা আইনের (আরটিই) দ্বারা এটি বলবৎ করার অঙ্গীকার নেয় ভারত সরকার।
অথচ প্রায় ২ বছর হতে চলল ওড়িশার জাজপুর জেলার ৯ বছরের চন্দ্রিকা বেহরা ইস্কুলছুট হয়ে বসে আছে। সবচাইতে কাছের বিদ্যালয়টিও তার বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে।
গ্রামীণ ভারতে শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ অসামঞ্জস্যপূর্ণ, কাগজের বাইরে আইন আর নীতির দেখা মেলে না। তবে হ্যাঁ, খানকতক জায়গায় কাঠামোগত সমস্যার মোকাবিলায় উঠেপড়ে লেগেছেন কিছু কিছু শিক্ষকেরা — তাঁদের জেদ ও উদ্ভাবনী শক্তির জেরে পরিস্থিতি খানিকটা হলেও বদলাচ্ছে।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে কাশ্মীরের অনন্তনাগ জেলার ভ্রাম্যমান শিক্ষকের কথা, বছর বছর যিনি চারমাস করে লিড্ডার উপত্যকায় একটি গুজ্জর জনপদে গিয়ে সেই যাযাবর গোষ্ঠীর বাচ্চাকাচ্চাদের পড়ান। মুষ্টিমেয় সম্পদ সত্ত্বেও উদ্ভাবনী অনুশীলনের জোরে কাজ করে চলেছেন এই শিক্ষকেরা। যেমন ধরুন কোয়েম্বাটুরের বিদ্যা বনম স্কুলের শিক্ষকরা, যাঁদের অনুপ্রেরণায় আজ জেনেটিক্যালি মডিফায়েড ফসল নিয়ে তর্কবিতর্কে নেমেছে পড়ুয়ারা। এদের অনেকেই প্রথম প্রজন্মের ইংরেজিভাষী, অথচ তর্কসভায় তারা দিব্যি ইংরেজি ভাষায় বাকবিতণ্ডা চালায়, জৈব ধানের গুণাগুণ-সহ আরও নানান বিষয়ে বক্তব্য রাখে।
আসুন, পারির গ্রন্থাগারে ঘুরে যান। ক্লাসরুমে পা রেখে শিক্ষার ফলাফল খতিয়ে দেখুন, ভারতে শিক্ষাদীক্ষার হালহকিকত বুঝুন ভালোভাবে। গ্রামীণ পরিসরে শিক্ষা কতটা হাতের নাগালে, তার মান ও ফারাক — আমাদের মহাফেজখানায় সেসব বিষয়েই রিপোর্ট আছে। গ্রন্থাগারের প্রতিটি নথির সঙ্গে রয়েছে সংক্ষিপ্ত সারাংশ, আলোচিত হয়েছে মূল বিষয়বস্তু।







