দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে কৃষকদের আয়োজিত প্রতিবাদ সভায় বসে, ৫৫-বর্ষীয় শশীকলা গায়কওয়াড় বললেন, “সাত-বারা ছাড়া আমরা একদম অচল।”
তাঁবুর মধ্যে পাতা লাল-কমলা মাদুরের ওপর তাঁর ঠিক পাশেই বসে আছেন ৬৫ বছরের প্রবীণা অরুণাবাই সোনওয়ানে। সংয়ুক্ত শেতকরি কামগার মোর্চা জানুয়ারি মাসের ২৫-২৬ তারিখে যে প্রতিবাদ সভা আয়োজন করেছিল, তাতে যোগ দিতে তাঁরা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার চিমনাপুর গ্রাম থেকে মুম্বই এসেছেন।
বন অধিকার আইন, ২০০৬ অনুসারে নিজেদের জমির পাট্টার দাবি ও নতুন তিনটি কৃষি আইনের বিরোধিতা করতে তাঁরা এই সভায় যোগ দিয়েছেন। ভিল আদিবাসী সম্প্রদায়ের শশীকলা ও অরুণাবাই দুজনই কন্নড় তালুকে নিজেদের গ্রামে মূলত কৃষিকাজ করে জীবিকা অর্জন করেন। কাজের জোগাড় থাকলে দিনে ১৫০-২০০ টাকা রোজগার হয়। “তোমার মতো আমি বলতে পারব না গো মাস গেলে ঠিক কত টাকা ঘরে আসবে,” অরুণাবাই আমাকে বললেন।
দুজনে নিজ নিজ তিন একর জমিতে ভুট্টা ও জোয়ার চাষ করেন। জোয়ারের ফসল পুরোটাই নিজেদের খোরাকির জন্য জমিয়ে রাখেন, আর শুধুমাত্র ভুট্টা বিক্রি করে দেন। কুইন্টাল প্রতি ১০০০ টাকায় ১০-১২ কুইন্টাল ভুট্টা বেচেন তাঁরা। জমির চারপাশে বেড়া দেওয়া থাকলেও বাঁদর, বুনো শুয়োর, ও নীলগাইয়ের উৎপাতে প্রায়শই ফসল নষ্ট হয়ে যায়। “যাদের চাষের খেত আছে, তাঁদের সবাইকে [ফসল রক্ষা করতে] রাত জেগে বসে থাকতে হয়,” বলেন অরুণাবাই।
শশীকলা ও অরুণাবাই যে জমিতে চাষ করেন সেগুলো বন বিভাগের মালিকানাধীন। “সাত বারা [জমির মালিকানা সংক্রান্ত লিখিত পাট্টা/দলিল] না থাকলে আমরা [কৃষি ক্ষেত্রে] কোনও সুবিধা পাব না,” বললেন শশীকলা। “বন বিভাগের লোকেরাও আমাদের হয়রান করে। সারাক্ষণ বলতে থাকে: এখানে চাষ করবে না, ওখানে বাড়ি বানাতে পারবে না, ট্র্যাকটর আনলে তোমাদের জরিমানা হবে।”
আজাদ ময়দানে তাঁদের আসার আরও একটা কারণ হল বর্তমান কেন্দ্রীয় সরকার দ্বারা জারি করা নতুন তিনটি কৃষি আইন রদ করার প্রতিবাদে সামিল হওয়া। এই তিনটি আইন হল: কৃষিপণ্য ব্যবসা – বাণিজ্য (উৎসাহ ও সুযোগসুবিধা দান) আইন, ২০২০; মূল্য নিশ্চয়তা ও কৃষি পরিষেবা বিষয়ে কৃষক (ক্ষমতায়ন ও সুরক্ষা) চুক্তি আইন, ২০২০; অত্যাবশ্যকীয় পণ্য (সংশোধনী) আইন, ২০২০। আইনগুলি প্রথমে অর্ডিন্যান্স হিসেবে পাশ হয় ৫ই জুন, ২০২০, তারপর কৃষিবিল হিসেবে লোকসভায় পেশ করা হয় ১৪ই সেপ্টেম্বর এবং সেই মাসের ২০ তারিখ দ্রুততার সঙ্গে সেটিকে আইনে পরিণত করে বর্তমান সরকার।



