বলে রাখা ভালো ৪২ বছর বয়সী কাবাল সিংকে কোনও অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়নি, তিনি নিজেই শিকলগুলি নিজের গায়ে বেঁধেছেন। পঞ্জাবের ফাজিলকা জেলার রুকানপুরা (যা খুই খেরা নামেও পরিচিত) গ্রামের কৃষক কাবাল।
তিনি সেই লক্ষাধিক প্রতিবাদী চাষিদের একজন যাঁরা তিনটি সাম্প্রতিক কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত তিনটি কৃষি আইন প্রথমে অধ্যাদেশ হিসেবে পাশ হয় ৫ জুন, ২০২০ সালে। তারপর কৃষিবিল হিসেবে লোকসভায় পেশ করা হয় ১৪ই সেপ্টেম্বর এবং সেই মাসের ২০ তারিখ দ্রুততার সঙ্গে সেটিকে আইনে পরিণত করে বর্তমান সরকার।
তবে কেন এই স্বেচ্ছাবন্দিত্ব?
“যখন দেখলাম কৃষকরা এতদিন ধরে নিজেদের অধিকারের দাবিতে লড়াই করছে, আমি তাদের কষ্ট সহ্য করতে পারিনি। আমার শরীরে আপনি যে শিকল দেখছেন তা আসলে চাষিদের দুর্দশা আর যন্ত্রণার প্রতীক। তারা মনে মনে যা অনুভব করছে, আমার অনুভবও ঠিক সেটাই।”
কাবাল সিং কুখ্যাত এই তিনটি আইনের সঙ্গে এই শিকলগুলির তুলনা টেনে বললেন, “যে শিকল আপনি আমার শরীর জুড়ে দেখছেন, সেই শিকল আসলে আমাদের সকলকেই বন্দি করে রেখেছে, খুঁজলেই আপনি দেখতে পাবেন।”




