দূর থেকে একটি গলা শোনা গেল - বিরতি শেষ! কর্মকর্তা এসে সবাইকে নিজের নিজের কাজ বুঝিয়ে দিতে শুরু করলেন আওয়াধি ভাষায় - রাম মোহনকে পাঠানো হল ময়দানের এক নিভৃত কোনায়, একটি ছোটো তাঁবুর ভিত তৈরি করার কাজে।
আজ ২৩শে জানুয়ারি, শনিবার। রাম মোহনরা ৫০ জন শ্রমিক মিলে দুই দিন ১০ ঘণ্টা করে টানা খেপ খেটেছেন হাজার হাজার কৃষকদের জন্য। কৃষকেরা ২৪শে জানুয়ারি থেকে এখানে আসতে শুরু করবেন। তাঁরা কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন, এবং আইন প্রত্যাহারের দাবিতে সোচ্চার হবেন আরও একবার। তাঁদের এই মোর্চা চলবে ২৬শে জানুয়ারি গণতন্ত্র দিবস অবধি।
রাম মোহন ঠিক করেছেন প্যান্ডেল বাঁধা শেষ হলে তিনি দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানেই থেকে যাবেন এবং নাসিক থেকে আসা প্রতিবাদী কৃষকদের সঙ্গে যোগ দেবেন। “কি হচ্ছে আমি সেটা বোঝার চেষ্টা করছি। ভাবছি অন্যান্য চাষিরা কি বলে আমি সেটা শুনব, আর তাদের দাবি থেকে আমরাও উপকৃত হব কিনা সেটাও বোঝার চেষ্টা করব,” তিনি জানালেন।
উত্তরপ্রদেশের গোন্ডা জেলার উমারি বেগমগঞ্জ গ্রামে রেখে আসা তাঁর পরিবারটি ধান ও গম চাষ করে। “৬-৭ বিঘা (১ একরের একটু বেশি) জমি আছে আমাদের। কিন্তু তাতে কোনওরকমে বেঁচে থাকা যায়। তার বেশি কিছুই হয় না।” প্রতিবাদ সমাবেশের জন্যে প্যান্ডেল খাটাতে ব্যস্ত রাম মোহন জানালেন যে তিনি আশা করেন এই প্রতিবাদের ফলে তাঁর পরিবার ও অন্যান্য কৃষক পরিবারগুলি তাদের ফলানো শস্যের জন্য আরেকটু বেশি দাম পাবে।
রাম মোহনের বয়স এখন ৪৩। গত ২৩ বছর ধরে দিনমজুরি করছেন মুম্বই শহরে। রোজ তিনি উত্তর মুম্বইয়ের মলাড স্টেশনের কাছে যে শ্রমিক নাকা আছে, সেখানে এসে অপেক্ষা করেন। যেদিন তিনি কাজ পান, সেদিন ৭০০ টাকা অবধি উপার্জন করতে পারেন।


















