২৫ মার্চ ২০২০ তারিখে ঘোষিত ভারতের প্রথম লকডাউন কোটি কোটি সাধারণ ভারতীয় নাগরিকের জীবনে বিপর্যয় নামিয়ে এনেছিল।
“একমুঠি ছিল, তাও চলে গেল।” জম্মুর রাজমিস্ত্রি দম্পতি মোহন লাল এবং নর্মদাবাইয়ের জীবনের সঞ্চয় লকডাউনের শুরুতেই ২,০০০ টাকায় নেমে গেছিল। ঠিকাদারের থেকে খাবার-দাবার আর অন্যান্য জরুরি জিনিসপত্র কেনার জন্য টাকা ধার করতে হয়।
সার্বিকভাবে ২০২০ সালের এপ্রিল ও মে মাসে ভারতে বেকারত্বের হার উঠে যায় ২৩ শতাংশে — যা ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের হারের (৭.৩ শতাংশ) তিনগুণেরও বেশি, জানাচ্ছে স্টেট অফ রুরাল অ্যান্ড আগ্রারিয়ান ইন্ডিয়া রিপোর্ট ২০২০। অতিমারি শুরুর আগে (২০১৮-১৯) এই হার মোটামুটি ৮.৮ শতাংশের আশপাশে ঘোরাফেরা করত।








