ঘর-ওয়াপসির প্রার্থনা
সাচ্চা রে দেশপ্রেমী পায়ে পড়ি তোর...
পথ গেছে হারিয়ে, ভিটেমাটি ছাড়িয়ে,
খুঁজে দে ঠিকানা তবে রাত ঘনঘোর।
সূচনা, উৎস, তোরা যা ইচ্ছা বল
নড়েছে বাতাসে আদি ধর্মের কল।
পয়লা সে দেশগাঁ, আদিম স্থাবর
শুরুর আগে যে ছিল, একলা জঠর।
শিকড়ে ফেরার মোরও আছে অধিকার
রাখবি না কথা তুই শিকড় খোঁজার?
বিষ্ণু ব্রহ্মা হায়
উৎস খোঁজার দায়
জ্যোতির্লিঙ্গ জ্বলে জানিস কোথায়?
হারায়েছি মাটিজল
এ দায় কে নেবে বল
আচ্ছা রে দেশপ্রেমী, ফেরাবি না তাই?
ফরাসি দেশের মাটি হবেই আবার খাঁটি
আলজেরিয়ান ব্যাটা খুঁজে নেবে পথ...
কুটুম্বকম্ ওগো বসুধা শপথ।
হক কথা বলি তাই
রোমাদের ঠাঁই নাই
স্বস্তিকা রাঙা ওই জার্মান বুকে...
রোহিঙ্গা যাবে ফিরে মগের মুলুকে।
কুটুম্বকম্ হাঁকে বসুধা কাঙালি -
পাকিস্তানের পানে ছুটে যাবে মোল্লা,
বাংলাদেশের পথে হাঁটিবে বাঙালি -
ঘরদোর ঘনঘোর পেটকাটা গোল্লা।
শেতাঙ্গ মার্কিনি ইউরোপে ফিরবে
ঠিক ঠিক যেইভাবে হিন্দুরা লড়বে
মরিশাস সুরিনাম,
লাশকাটা হরিনাম
মুম্বই থেকে ওই ফিরিয়াছে ভাইয়া...
উৎস খোঁজার তাড়া, গুজ্জু দিল্লিছাড়া
খুঁজে ফিরি আফ্রিকা "জয় হভা মাইয়া!"
আদিবাসী খুঁজে নেবে জাঙ্গুলি জমি তাঁর
(এই রে! সে জমিটা তো বাবুদের দরকার!)
সাচ্চা রে দেশপ্রেমী, পাতিয়াছি হাত,
ভিটেমাটি ছাড়া মোরা নেহাতই অনাথ।
তবে শুধু আমি কেন? চল তুইও চল...
ফিরিবো ফিরিবো ছিঁড়ে কালের আঁচল।
পিছনে পিছনে আরও, সময়ের শুরুতে...
চারপায়ে হেঁটে যাবো ন্যাজঝোলা গরুতে।
মগডালে চড়িয়া, কাদামাটি ভরিয়া,
আদিম পাতার খাঁজে ডুবুডুবু মরিয়া,
ফিতাকৃমি লিঙ্গমে
নিজ সাথে সঙ্গমে
মাছের কানকো থেকে ছেঁকে নেবো জল..
তবে শুধু আমি কেন? চল, তুইও চল...
আদিম সাগর পানি
এককোষী পোকা..
চিত্ত শূন্যযানি, শুধু ভেসে থাকা।
থাকে যদি ভগবান, মুছে ফেলে দেহখান
বস্তু পেরোনো জিনে হবো হবো এক।
এই মিছিলের শেষে,
পয়লা প্রাণের দেশে
বাজারি দামামা ছেড়ে আত্মাকে দ্যাখ।
মারমার কাটকাট মজহবি ঝান্ডা,
এসবের চেয়ে ভালো ব্রহ্মের আন্ডা,
শুরুর সে মহানাদে চল ফিরে চল...
খিদের চেয়েও দামী
আত্মহত্যাকামী
কাচ্চা রে দেশপ্রেমী
পহেলা জঠর সেতো পোড়ামাটি জল।



