এই প্যানেলটি গ্রামীণ মহিলাদের কাজের পরিসর ঘিরে রূপায়িত ' দৃশ্যমান কাজ, অদৃশ্য নারী: একটি অনলাইন আলোকচিত্র প্রদর্শনী '-র একাংশ। ১৯৯৩ থেকে ২০০২ সালের মাঝামাঝি সময় জুড়ে ভারতের ১০টি রাজ্যে ঘুরে ঘুরে এই ছবিগুলি তুলেছিলেন পি. সাইনাথ। দেশের বিভিন্ন প্রান্তে বহু বছর ধরে প্রদর্শিত হতে থাকা এই ভ্রাম্যমাণ প্রদর্শনীটি বিশেষ মুন্সিয়ানার সঙ্গে এখানে ডিজিটাইজ করেছে পারি।
জীবনভর ঝুঁকেই চলি
বিজয়নগরমে মধ্য দিনের সূর্যের গনগনে তেজে বিধ্বস্ত হয়ে তিনি খানিক থামলেন। থামলেন বটে, কিন্তু বেঁকেই রইলেন। তিনি জানেন কয়েক মুহূর্ত জিরিয়েই আবার কাজ শুরু করতে হবে – তাই ওইভাবেই দুই দণ্ড দম নিয়ে নিলেন।
এই একই কাজুর খেতে তাঁর সঙ্গে কাজ করছিল তাঁরই গ্রামের মহিলাদের আরো দুটি দল। দুই কিলোমিটার পথ পেরিয়ে এই খেতে আসার সময় তাঁরা সঙ্গে নিয়ে এসেছেন নিজেদের দুপুরের খাবার আর জল। অন্য একজন মহিলা উল্টোদিক ফিরে কাজ করে চলেছেন। সকলেই কোমর ঝুঁকিয়ে, বেঁকে কাজ করছেন।
উড়িষ্যার রায়গড়ের এই জমিতে পুরুষরাও ছিলেন। ক্যামেরার লেন্সে চোখ রেখে পুরো দৃশ্যটা কেমন যেন আরও আজব ঠেকছিল! পুরুষেরা সকলেই দাঁড়িয়ে, আর মহিলারা সকলেই ঝুঁকে রয়েছেন। উড়িষ্যার নুয়াপাড়ায়, বৃষ্টির মধ্যেও মহিলা এক নাগাড়ে আগাছা কেটে চলেছেন। কোমর বেঁকিয়ে কাজ করে চলেছেন তিনি, ছাতার নিচে।








