“টিকরি সীমান্তে রাস্তার দুধারেই ৫০ কিলোমিটার লম্বা ট্রাক্টরের লাইন,” জানালেন কমল ব্রার। তিনি ২০ জন চাষির সঙ্গে হরিয়ানার ফতেহাবাদ জেলায় তাঁদের গ্রাম থেকে ৫টি ট্রাক্টর ও ২টি ট্রলি নিয়ে ২৪শে জানুয়ারি এসে পৌঁছেছিলেন টিকরিতে।
২০২০ সালের সেপ্টেম্বরে সংসদে পাশ হওয়া তিনটি কৃষি-আইনের বিরুদ্ধে হাজার হাজার প্রতিবাদী কৃষক দেশের রাজধানীর ঠিক বাইরে যে তিনটি জায়গায় জড়ো হয়েছেন, তার মধ্যে হরিয়ানা-দিল্লি সীমান্তে অবস্থিত টিকরি অন্যতম।
আন্দোলনের অংশ হিসেবে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তাঁরা দিল্লির রাজপথে একটি অভূতপূর্ব ট্রাক্টর কুচকাওয়াজের আয়োজন করেছেন।
আরও অনেকের সঙ্গে এই কুচকাওয়াজে যোগ দিতে চলেছেন নির্মল সিং। পঞ্জাবের ফাজিলকা জেলার আবোহার ব্লকের ওয়াহাবওয়ালা গ্রামের মানুষ তিনি। নির্মল সহ ২৫ জন গ্রামবাসী এসেছেন কিষান মজদুর একতা ইউনিয়নের ঝান্ডা ধরে, তবে টিকরি পৌঁছে তাঁদের ৪টি ট্রাক্টর যে কোথায় দাঁড় করাবেন, সেটা খুঁজে পেতেই কাবার হয়ে গিয়েছিল বেশ কয়েক ঘণ্টা। “কাতারে কাতারে লোক আসছে। ট্রাক্টরের সংখ্যা বিশাল পরিমাণে বাড়বে, কথাটা মিলিয়ে নেবেন,” বললেন তিনি।








