বিজয়ওয়াড়া রেল স্টেশনের দশনম্বর প্ল্যাটফর্মে বেঙ্গালুরু থেকে পাটনাগামী সঙ্ঘমিত্রা এক্সপ্রেসের জন্য প্রায় দশজন শ্রমিক অপেক্ষা করছেন। কয়েকমাস অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী শহর অমরাবতী নির্মাণের কাজ করার পর এই ট্রেন তাঁদের ফিরিয়ে নিয়ে যাবে তাঁদের ঘরে - বিহারের বেলগাছি গ্রামে।
“শেষ আধঘণ্টায় আমাদের থেকে তিনজন আলাদা আলাদা টিকিট এক্সামিনার (টি.ই.) তিনবার টিকিট দেখতে চেয়েছে,” ২৪ বছরের মহম্মদ আলম জানালেন। প্ল্যাটফর্মে বহুল সংখ্যায় টিকিট পরীক্ষক মোতায়েন আছেন। তাঁদের একজন আমাকে বললেন, “এইসব মজুর লোক টিকিট কাটে না, তাই কিছু কিছু ট্রেনের জন্য আমরা বেশিসংখ্যায় টি.ই. নিযুক্ত করি, আর যারা উত্তর অথবা উত্তর-পূর্বে যাবে, তাদের ওপর কড়া নজর রাখতে বলি।”
যেসব শ্রমিক পূর্ণিয়া জেলায় দাগারুয়া ব্লকে তাঁদের বাড়ি ফিরছেন, তাঁরা লার্সেন অ্যান্ড টাব্রো (এল অ্যান্ড টি) অথবা সাপুরজি পাল্লোনজি প্রাইভেট লিমিটেডের মতো বড়ো নির্মাণ সংস্থাগুলোতে কাজ করেছেন। এইগুলো এবং আরও কিছু সংস্থা অমরাবতীর ‘জাস্টিস সিটি’ বা ‘ন্যায় শহর’ (হাইকোর্টের একটি চত্বর) নির্মাণ করছে, সঙ্গে বিধায়কদের বাড়ি, একটি আইএএস কর্মকর্তাদের কলোনি ও আরোও বেশ কিছু কমপ্লেক্স।














