পায়ের তলায় সবুজ ঘাস, উপরে খোলা আকাশ, চারপাশে বিশাল সব গাছের সারি আর বনের বুক চিরে ধীর ধারায় বয়ে চলেছে একটি সোঁতা – এই দৃশ্য গ্রামীণ মহারাষ্ট্রের যে কোনও জায়গারই হতে পারে।
আরে দাঁড়ান দেখি, গীতা কিছু বলতে চান। সোঁতার দিকে ইঙ্গিত করে বললেন: “আমরা মেয়েরা সব বাঁদিকে যাই আর মরদরা যায় ডানদিকে।” প্রকৃতির ডাক এলে এভাবেই ভাগাভাগি করে কাজ সারেন তাঁদের পাড়ার লোকজন।
“গোড়ালি-ডোবা জলেই বসি – বৃষ্টি হলে মাথায় ছাতা দিই। আর [আমার] পিরিয়ডের সময় অবস্থাটা কেমন দাঁড়ায়, সেটা নিয়ে আর নাই-বা বললাম!” বক্তব্য ৪০ বছর বয়সি গীতার।
পুণে জেলার শিরুর তালুকের কুরুলি গ্রামের উপকণ্ঠে খান পঞ্চাশেক ঘর নিয়ে তাঁদের পাড়া। বাসিন্দারা ভিল এবং পারধি সমাজভুক্ত। মহারাষ্ট্রে তফশিলি জনজাতি হিসাবে নথিভুক্ত এই দুটি সম্প্রদায় রাজ্যের সর্বাধিক দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীগুলির মধ্যে অন্যতম।
ভিল আদিবাসী গীতা উম্নুক্ত স্থানে শৌচকর্ম সারতে নিজের অস্বস্তির কথা খুব স্পষ্ট করেই বললেন। “ঘাসের তীক্ষ্ণ ধার, মশার কামড় এসব থাকেই কাজ সারার জন্য যেখানে আমাদের বসতে হয়... এতেই শেষ না। সারাক্ষণ সাপের কামড়ের ভয় তাড়া করে।”
প্রতিটি পদক্ষেপেই এই বসতির বাসিন্দারা বাধাবিপত্তির সম্মুখীন হন – বিশেষত মহিলারা সারাক্ষণই জংলা পথে হানাদারের আক্রমণের আতংকে সন্ত্রস্ত থাকেন।




