৩০ নভেম্বর, ২০১৮ তারিখে দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশানে কিষান মুক্তি মোর্চায় যোগ দিতে আসা একদল কৃষকের সঙ্গে কথা বলছিলাম। তখনই একটু দূরেই খেয়াল করি নারী, পুরুষ, শিশুর একটি দল রেলস্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকের মাথায় পাটের বস্তা আর ঘাড়ে অপেক্ষাকৃত ছোটো ব্যাগ।
প্রথমে আমার ধারণা হয়েছিল তাঁরা কৃষক, কৃষক মুক্তি যাত্রায় যোগ দিতেই এখানে এসেছেন। পরে আমি বুঝতে পারি তাঁরা ছত্তিসগড় থেকে কাজের সন্ধানে এখানে আসা মজুর। রায়গড় জেলার খারশিয়া তহসিলের ছোটে মুদপার গ্রামের ২৭ বছর বয়সী ইটাওয়ারা জোলহে জানালেন, “হরিয়ানার জিন্দাল পাওয়ার ভাট্টিতে (বিদ্যুৎ কেন্দ্র) আমরা কাজ করতে যাচ্ছি।” তাঁর স্বামী শংকর জানালেন যে জায়গাটা দিল্লির সীমান্তে, কিন্তু নির্দিষ্ট করে বলতে পারলেন না।
ইটাওয়ারা, শংকর আর তাঁদের সঙ্গে আসা আরো দুটো পরিবার কাছাকাছি বিদ্যুৎকেন্দ্রে অথবা ইট ভাটায় কাজের সন্ধান করবেন। এই দম্পতি জানাচ্ছেন তাঁরা দিল্লি-হরিয়ানায় এই নিয়ে তিন বছর আসছেন কাজের জন্য। এইবার তাঁরা ২০শে নভেম্বর ছত্তিসগড় বিধানসভার নির্বাচনে ভোট দিয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়েছেন।







