বীড জেলার মাজালগাঁওয়ের দুই মা ও তাঁদের কন্যাদ্বয়ের কণ্ঠে বুদ্ধবন্দনার সুর। এই গানগুলির মাধ্যমে ফুটে ওঠে জনসাধারণের জীবনে তথাগতের মহতি ভূমিকা, ফুটে ওঠে কীভাবে তাঁর শিক্ষার আলোয় পথ খুঁজে পায় শতসহস্র মানুষ
আজ ২৬এ মে, অর্থাৎ বুদ্ধপূর্ণিমা। তবে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী এইবছর ধুমধাম করে পালন করা যায়নি। "চারিদিকে যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে বড়ো করে কোনও কিছুই উদযাপন করা সম্ভব নয়," বললেন মহারাষ্ট্রের বীড জেলার সাভারগাঁও গ্রামের ৭৫ বছরের রাধা বোরহাডে।
“আমারা সবাই নিজের বাড়িতেই প্রার্থনা করবো আর বাচ্চাদের জন্য পায়েস বানাব।” কোভিড-১৯ অতিমারির জন্য ২০২০ সালে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়নি, এবছরও হল না, দুঃখভরা কণ্ঠে আমাদের ফোন করে জানালেন রাধাবাই।
২০১৭ সালের এপ্রিলে পারির সদস্যদের দলটি যখন জাঁতা পেষাইয়ের গান প্রকল্পের গায়িকাদের সঙ্গে দেখা করতে বীডের মাজালগাঁও তালুকে যায় তখন আমাদের পাঠানো হয় সাভারগাঁওয়ে রাধাবাইয়ের কাছে। এই গ্রামটি ওই একই তালুকে মাজালগাঁও থেকে ১২ কিমি দূরে অবস্থিত। জাঁতা পেষাইয়ের গানের প্রকল্পের আদি দল রাধাবাইয়ের কিছু গান রেকর্ড করেছিল, পরে তা পারি আলাদা করে প্রকাশ করে। তাঁর কিছু ওভি প্রকাশিত হয় ‘আমাদের ভীমবাবার জন্য লক্ষ গানও কম’ নামক প্রতিবেদনটিতে। ডঃ বাবাসাহেব আম্বেদকরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শিক্ষা, ঐক্য এবং দলিতের আত্মগরিমা, এই ওভিগুলি মূলত তারই গুণকীর্তন।
বাবাসাহেব প্রণীত নবযান বৌদ্ধবাদ দলিত সমাজকে দিয়েছে বর্ণাশ্রম প্রসূত অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার অস্ত্র, তাই "মাজালগাঁওয়ের গান, মহৌয়ের স্মৃতি" নামের প্রতিবেদনটিতে রাধাবাই তথা নববৌদ্ধ জাতির (এককালে যাঁরা হিন্দু সমাজে অচ্ছুৎ ছিলেন) অন্যান্য গায়িকারা তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। "কৃতজ্ঞতার গান, উদযাপনের মন্ত্র" নামক প্রতিবেদনে রাধাবাইয়ের গানে ফুটে উঠেছে গৌতম বুদ্ধের মহতি বাণীর কথা, তার সঙ্গে সঙ্গে এও বিধৃত হয়েছে যে কেমন করে বৌদ্ধধর্মের মধ্যে দিয়ে দলিত সমাজ অস্পৃশ্যতার শৃঙ্খল ভেঙে চুরমার করে নিজের উন্নতি সাধনের পন্থা খুঁজে পেয়েছিল।
আমরা ওভি গায়িকাদ্বয় কমল সালভে (রাধাবাইয়ের কন্যা) ও রঙ্গু পটভারের সঙ্গে দেখা করতে মাজালগাঁওয়ে গিয়েছিলাম। কিন্তু তখন তাঁরা গ্রামে ছিলেন না, গিয়েছিলেন নিজেদের আত্মীয়ের বাড়িতে। রঙ্গুবাইয়ের মা পার্বতী ভাদার্গের সঙ্গেও সাক্ষাৎ করা সম্ভব হয়ে ওঠেনি কারণ তিনি তার কয়েকবছর আগেই মারা গিয়েছিলেন।






