“সরকার বাহাদুরকে অনুরোধ করছি ঘুম ভেঙে এবার জেগে উঠুন…”
এই হলেন আমাদের অনন্য হৌসাবাঈ পাটিল - অসম সাহসী স্বাধীনতা সংগ্রামী, দাপুটে নেত্রী, দেশের কৃষিজীবী, দরিদ্র এবং প্রান্তবাসী মানুষের অধিকারের অদম্য সমর্থক। ২০১৮ সালের নভেম্বর মাসে কৃষি সংকট বিষয়ে আলোচনা করার জন্য ২১ দিনের বিশেষ সংসদীয় অধিবেশনের দাবিতে দিল্লিতে কৃষক ও কৃষিশ্রমিকদের কিষান মুক্তি যাত্রার সমর্থনে হৌসাবাঈ যে বার্তা দিয়েছিলেন, এই ভিডিও মেসেজেই তাঁর উপরোক্ত কথাগুলি আছে।
এই ভিডিওটিতে হৌসাবাঈ জোর দিয়ে বলেছেন, “কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রদান করতেই হবে। আর এই ন্যায্য অধিকারের দাবিতে আমিও শামিল হব” এই মিছিলে, তা সে হোক না ৯৩ বছর বয়স, হোক না শরীর হাজার কমজোর, হৌসাবাঈকে কে রুখবে! সরকারের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি: “আর ঘুমিয়ে কাজ নেই! জেগে উঠে সরকার যেন অবিলম্বে দেশের গরিবদের জন্য কাজ করে।”
২০২১-এর ২৩শে সেপ্টেম্বর সাংলীতে ৯৫ বছর বয়সে হৌসাবাঈ চিরনিদ্রায় শায়িত হলেন। কী ভীষণ মনে পড়ছে তাঁর কথা…
১৯৪৩-৪৬ - এই সময়কালের মধ্যে যে বিপ্লবী বাহিনীর নেতৃত্বে মহারাষ্ট্রের সাতারা জেলায় ইংরেজ ট্রেন, কোষাগার আক্রমণ তথা লুণ্ঠন এবং ডাক বাংলোয় অগ্নি সংযোগ কর্মসূচি সংগঠিত হয়েছিল, হৌসাবাঈ পাটিল ছিলেন সেই দলেরই অন্যতম সক্রিয় সদস্য (তিনি হৌসাতাঈ নামেই অধিক পরিচিত; মারাঠি ভাষায় ‘তাঈ’ হল দিদির জন্য সশ্রদ্ধ, সস্নেহ ডাক)। ডাকবাংলোগুলিকে ব্রিটিশ সরকার প্রশাসনিক কাজে ব্যবহার করত, কখনও কখনও আবার সেগুলিতে আদালতও বসত। ১৯৪৩ সালে মহারাষ্ট্রের সাতারা জেলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে সমান্তরাল, আন্ডারগ্রাউন্ড প্রতি সরকার স্থাপিত হয়েছিল, তার সশস্ত্র বাহিনী ছিল তুফান সেনা (ঝঞ্ঝা বাহিনী বা টাইফুন বাহিনী)। এই বিপ্লবী তুফান সেনার সঙ্গে যুক্ত ছিলেন হৌসাবাঈ।
১৯৪৪ সালে তৎকালীন পর্তুগিজ শাসনের অধীনস্থ গোয়ায় এক আন্ডারগ্রাউন্ড কর্মসূচিতে হৌসাবাঈ অংশগ্রহণ করেন, মধ্যরাতে একটি ভাসমান কাঠের বাক্সের উপর চেপে মান্ডোভী নদী পার করেন, তাঁর কমরেডরা পাশে পাশে সাঁতার কেটে নদী পার হয়েছিলেন। অথচ তিনি মনে করেন, “আমি দেশের স্বাধীনতার জন্য খুব সামান্যই কিছু করতে পেরেছি… মোটেই বিশাল কিছু বা কোনও মহৎ কাজ আমি করিনি।” তাঁর কথা পড়তে পারেন এই কাহিনিটিতে, আমার খুব প্রিয় এই গল্পটি: হৌসাবাঈয়ের বীরত্বের অজানা কাহিনি।


