স্কুলে লেখাপড়ার পাট চুকিয়ে মঞ্চে রাজা রানি আট্যমের পরিবেশনায় যোগ দিতে বাধ্য হয়েছিলেন পি. সেনরায়াপেরুমল। জাতিপরিচিতি নির্ভর এই আঙ্গিকে নারীচরিত্রে দলিত পুরুষের অভিনয় যে সামাজিক দস্তুর। অতএব, মেয়েদের ভূমিকায় রাজা রানি আট্যম মঞ্চস্থ করেই কেটেছে সেনরায়াপেরুমল এবং তাঁর ভাইয়েদের শৈশব। পুরস্কার বলতে ছিল অকথ্য গালিগালাজ, যৌন আগ্রাসন এবং ঐতিহ্যের নামে অপমানের বোঝা।
তখন সেনরায়াপেরুমলের বয়স ২৩। একরকম মরিয়া হয়েই বাজি ধরলেন শিক্ষা আদায় করেই ছাড়বেন সম্পূর্ণ একক প্রয়াসে, তারজন্য যদি রাতভর নাচতে হয়, সেও তিনি রাজি। সামাজিক নিগড় তাঁকে আজীবন বঞ্চিত করে রেখেছিল শিক্ষা থেকে, তা তিনি নিজের বলে অর্জন করেন। যে লোকআঙ্গিকের যাপন আর অনুশীলন ঘিরে তাঁর জীবন, সেটাই ছিল তাঁর পিএইচডি গবেষণার বিষয়। ভেবেছিলেন চরাচরের সব বৈষম্য দূর হবে এদেশে উচ্চশিক্ষার সঙ্গে হাত ধরে আসা প্রতিশ্রুতির দৌলতে। সেনরায়াপেরুমলের জন্য অবশ্য সে প্রতিশ্রুতি ছিল নেহাতই স্বল্পমেয়াদি।


