রেশন কার্ড মোতাবেক দুলেশ্বরী সোরেনের জন্ম ১৯৬৩ সালের পয়লা জানুয়ারি। কিন্তু তাঁর শরীর জোড়া বলিরেখার কাটাকুটি বুঝিয়ে দেয় আসল বয়স আরও কয়েক দশক বেশিই হবে। তাঁর ষোড়শী প্রপৌত্রী প্রমীলা কিস্কুর মতে, “একশো বছর বয়স হয়ে গেছে ওঁর।”
কথা হচ্ছিল পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বাগানপাড়ায়, এই নবতিপর মানুষটির বাড়ির দাওয়ায় বসে। সামনে সরু গলিপথে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে পথের কুকুর, মুরগি দানা খুঁটে খাচ্ছে উঠোনে।
“শান্তিনিকেতন আমার নাতনির নাম,” নিজের ছোটো করে কাটা সাদা চুলে আঙুল বুলোতে বুলোতে অস্ফুটে বললেন দুলেশ্বরী।
“উকুন হয়েছিল,” গল্পে মশগুল দুলেশ্বরী বলে চলেন। “কে বসে বসে বাছবে? তাই ও চুল কেটে দিয়েছে।” স্মিত মুখে পাশে বসে থাকা প্রমীলাকে দেখিয়ে বললেন তিনি। “ও-ই [প্রমীলা] রোজ আমাকে চা করে দেয়, আর নখ কেটে দেয়,” একগাল হেসে বললেন দুলেশ্বরী।








