আর. নাল্লাকান্নু ১৯২৫-২০২৬
ভারতের স্বাধীনতা সংগ্রামে শরিক অন্তিম যোদ্ধাদের একজন আর. নাল্লাকান্নু ২৫ ফেব্রুয়ারি চিরবিদায় নিলেন। ১০১ বছর পার করে আসা এমন মুক্তিযোদ্ধা অন্তত তামিলনাড়ুতে আর কেউ আছেন বলে মনে হয় না। নাল্লাকান্নু উপনিবেশ-বিরোধী সেই বিরল যোদ্ধা-প্রজন্মের একজন, যাঁদের কথা আমার দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ফ্রিডম বইয়ে লিখেছি।
২০২২ সালের স্বাধীনতা দিবসে তামিলনাড়ু সরকার তাঁর হাতে তুলে দেয় রাজ্যের সর্বোচ্চ খেতাব ১০ লাখ টাকা অর্থমূল্যের তাগাইসল তামিয়ার পুরস্কার। কমরেড আর. এন. কে. নামে পরিচিত নাল্লাকান্নু খেতাবটি স্বীকার করে ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করেন। এছাড়া, নিজের পকেট থেকে তাতে আরও ৫,০০০ টাকা যোগ করেন। এমন বেনজির এক চরিত্র ছিলেন তিনি। তামিলনাড়ুর কৃষক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড নাল্লাকান্নুর প্রয়াণে রাজ্যে একটা যুগের অবসান হল।













