আর কিছুদিনের মধ্যেই হয়তো পদ্মাবাই গাজারে নিজের জমি হারিয়ে বসবেন। “এই জমিটা না থাকলে, ভগবান জানেন আমরা কিভাবে বেঁচে থাকতাম,” জানান তিনি।
মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী পান্ধারীনাথকে (৪০) হারিয়ে গত আট বছর ধরে পদ্মাবাই দিনরাত পরিশ্রম করে নিজের পরিবারকে আর্থিক অনটনের মধ্যে থেকে বের করে খানিক স্থিতিশীল করেছেন। পান্ধারীনাথ রেখে গেছেন দুই ছেলে, দুই মেয়ে, তাঁর মা এবং একটি ৬.৫ একর চাষজমি।
“আমি ভয় পেয়ে গেছিলাম আর একলাও ছিলাম,” ঔরঙ্গাবাদের বাইজাপুর তালুকার অন্তর্গত হাদাস পিম্পালগাঁও গ্রামে নিজের পরিবারের দু-কামরার বাড়িতে বসে জানান তিনি। “আমার বাচ্চারা তখন ছোটো। আমায় এমন সব দায়িত্ব নিতে হয় যার অভিজ্ঞতা আমার ছিল না। রান্নাঘর সামলাতে সামলাতে খেতেরও দেখাশোনা করতে শুরু করি। এমনকি এখনও, খেতে আমি ঠিক ততটাই কাজ করি।”






