পশ্চিমবঙ্গের সাবেক সাঁওতাল গ্রামগুলির মধ্যে রাজ্যের পশ্চিমে অবস্থিত পুরুলিয়া জেলার ভাঙ্গাড্ডিহ্ অন্যতম। এখনও এই এলাকায় খননশিল্প থাবা বসায়নি। ফলে, গ্রামের আশপাশের মাঠঘাট, বনবাদাড় এবং পুকুর-নালায় গ্রামবাসীদের অবাধ বিচরণ। খাদ্য হিসেবে প্রয়োজনীয় প্রায় সবকিছু তাঁরা নিজেরাই ফলান।
উপরে রাঙা সূর্যের আলো ভোরের কুয়াশা চিরে প্রকট হওয়ার চেষ্টা চালাচ্ছে। গাঁয়ের অল্পবয়সি মেয়েরা নিজ নিজ ঘরের দোর খুলে পায়ের কাছে রাখা ঝুড়িগুলো উল্টে দিলে ছানাপোনা-সহ মুরগিগুলো তাদের রাতের আস্তানা থেকে বেরিয়ে পড়ছে। নভেম্বরের শেষের দিক। মহিলাদের মধ্যে যাঁদের ঘরের কামকাজ থেকে ফুরসত মিলেছে, তাঁরা চলেছেন খেতের পানে ফসল কাটায় ব্যস্ত মরদদের সঙ্গে হাতেহাতে কাজ করতে। বাকিরা ভিটের ভিতরের ঘর থেকে ছাগলগুলোকে বের করে ঝটপট হাত চালিয়ে ঘরের সামনে বেঁধে রাখছেন, ছাগলছানাগুলো তাদের মায়েদের আশপাশে ঘুরঘুর করছে। গোয়ালে খুঁট থেকে খুলে দেওয়া হয়েছে ভেড়া এবং মোষেদের। যে সব ঘরে দাদু,দিদা বা ঠাম্মা আছেন তাঁরা গবাদি পশুদের চরাতে নিয়ে চলেছেন মাঠে।
















