রমেশভাই মনুভাই প্যাটেল গুজরাটের খেড়া জেলার নদিয়াদ তালুকের দান্তালী গ্রামে তাঁর পূর্বপুরুষের ভিটের সামনে খাটিয়ায় চুপচাপ বসে আছেন। বাড়িটির জরাজীর্ণ হাল, দেয়ালের পলেস্তারা খসে ভেতর থেকে বেরিয়ে এসেছে বিবর্ণ ইট।
বয়োবৃদ্ধ কৃষক একটি ঘরের দিকে তাঁর কাঁপা কাঁপা আঙুল নির্দেশ করেন। এই ঘরটা তাঁর জন্য অনেক কিছু – আজ থেকে ৮২ বছর আগে তিনি এই ঘরেই জন্মেছিলেন। রমেশভাইয়ের সঙ্গে এই বাড়ির বিশেষ করে এই ঘরটির সম্পর্ক গভীর আবেগের।
কিন্তু এই ঘর সমেত পুরো বাড়ি এবং পার্শ্ববর্তী কৃষিজমি যেখানে তাঁর পরিবার ধান ও শাক সবজি চাষ করে থাকে, তার একটা বড়ো অংশ বুলেট ট্রেন প্রকল্পের জন্য ভেঙে দেওয়া হতে পারে।
এই উচ্চ গতিসম্পন্ন ট্রেনটি প্রায় তিন ঘণ্টায় ৫০৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে – এর মধ্যে ৩৫০ কিলোমিটার গুজরাটে, দাদরা ও নগর হাভেলিতে ২ কিলোমিটার এবং মহারাষ্ট্রে ১৫৫ কিলোমিটার। জাতীয় হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট বলছে, ট্রেনটি মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স এবং আমেদাবাদের সবরমতি রেল স্টেশনর মধ্যে চলাচল করবে।










