জানুয়ারি মাস পড়তেই তামিলনাড়ুর হোসুর তালুকের মাঠগুলো ভরে উঠেছে শুকোনোর জন্য রাখা সংগৃহীত ফসলে। রাগি চাষিরা জানাচ্ছেন তাঁরা প্রায় এক সপ্তাহ শস্য মাঠে ফেলে রাখেন রোদে শুকানোর জন্য, যাতে সবুজ কাণ্ডের যাবতীয় পুষ্টি এসে জমা হয় রাগি দানাগুলোয়।
প্রখর রোদ থেকে বাঁচতে ছোটো জরাজীর্ণ একটা ছাউনির নিচে দাঁড়িয়ে কয়েকজন। তাঁদের মধ্যেই আছেন বছর বাহান্নর নারায়ণাপ্পা– পরনে নীল খাদি ধুতি, রোদ থেকে আড়াল পাওয়ার জন্য মাথায় পাতলা গামছা। তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার পালাভানাপাল্লি জেলার বাসিন্দা নারায়ণাপ্পা দেড় একর জমি ইজারা নিয়েছেন। এই জমিতে মূলত তিনি বর্ষার পর রাগি শস্য আর হুরালি কালু বা কুলত্থ কলাইয়ের চাষ করেন। তাঁর বাড়ি থেকে এক ঘণ্টার হাঁটাপথ ব্যস্ত বাণিজ্য কেন্দ্র হোসুর।




