স্বজাতি মানুষের মৃত্যু নিয়ে যখনই লিখতে বসি, মাথার ভিতরটা অসাড় লাশের মতো মনে হয়।
আমাদের চারপাশের জগতে কী চোখধাঁধানো উন্নয়ন, অথচ হাতে করে বর্জ্য সাফাইকারী মানুষগুলোর দিকে তাকিয়েও দেখে না সমাজ। রাষ্ট্র মানতেই চায় না যে এইধরনের মৃত্যু আদৌ ঘটে, অথচ এবছর লোকসভায় একটি প্রশ্নের উত্তরে, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী রামদাস আথাওয়ালের দেওয়া তথ্য অনুসারে ২০১৯-২০১৩ সালের মধ্যে ৩৭৭ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে "নর্দমা এবং সেপটিক ট্যাঙ্কের বিপজ্জনক সাফাইকার্যের কারণে।“
গত সাত বছরে অগুন্তি মানুষের ম্যানহোলে আটকে মৃত্যুর মুখোমুখি হয়েছি আমি। শুধু চেন্নাই লাগোয়া আভাদিতেই ২০২২ সাল থেকে ১২টি ম্যানহোল মৃত্যু ঘটেছে।
১১ অগস্ট অরুন্ধতিয়ার সম্প্রদায়ভুক্ত আভাদির বাসিন্দা ২৫ বছরের হরি নিকাশি নালা সাফ করতে গিয়ে ডুবে যান। চুক্তি শ্রমিক হিসেবে সেখানে কাজ করছিলেন তিনি।
বারো দিন বাদে হরি আন্নার মৃত্যুর খবর করতে যাই আমি। তাঁর বাড়ি পৌঁছে দেখি একটা ফ্রিজার বাক্সে শোয়ানো আছে তাঁর দেহ। তাঁর স্ত্রী তামিল সেলভিকে পরিবার থেকে বলা হয়েছে শেষকৃত্য এবং বিধবার কর্তব্যকর্ম করে নিতে। পাড়াপ্রতিবেশী তাঁর সারা গায়ে হলুদ মাখিয়ে তাঁকে স্নান করিয়েছেন, তারপর তাঁর থালি [বিবাহিতা নারীর মঙ্গলচিহ্ন] ছিন্ন করে দিয়েছেন। পুরো সময়টা নীরব, গম্ভীর ছিলেন তিনি।




















