জানলা দিয়ে বাইরে তাকালে যতদূর চোখ যায় শুধু জল আর জল – এ’বছরের বন্যার জল এখনও নামেনি। ব্রহ্মপুত্রের অন্যতম উপনদী সুবনসিরি থেকে মাত্র এক কিলোমিটার দূরে থাকেন রুপালি পেগু – প্রতি বছর বর্ষায় অসমের বিরাট অংশ জলে ডুবে যাওয়ার এক বড়ো কারণ এই নদী।
চারপাশে জল, কিন্তু ব্যবহারের উপযোগী জল পাওয়া দুষ্কর, জানালেন তিনি। অসমের লখিমপুর জেলায় তাঁর গ্রাম বরডুবি মালুওয়ালে পানীয় জল সংক্রমিত হয়ে গিয়েছে। “আমাদের গ্রাম, আশপাশের গ্রামের সব হ্যান্ডপাম্পগুলো ডুবে গেছে,” রুপালি বলছেন।
বড়ো রাস্তার পাশের নলকূপটা থেকে জল আনতে হলে ডিঙি চড়ে যেতে হয় তাঁকে। তিনখানা পেল্লায় সাইজের স্টিলের পাত্র নিয়ে ডিঙি বেয়ে ওদিকে চলেছেন তিনি, রাস্তাখানাও আংশিক জলমগ্ন। আখাম্বা বাঁশের লগি ঠেলে ঠেলে বানভাসি গ্রামের ভিতর দিয়ে সাবধানে পথ চলেন তিনি। “মণি, চলে আয়!” প্রতিবেশিনীকে হাঁক পাড়েন তিনি। প্রায়শই একসঙ্গে এইধরনের কাজে বেরোন দুই বন্ধু, পরস্পরকে জল ভরতে সাহায্য করেন।








