মহা ফাঁপরে পড়েছে সরস্বতী বাউরি।
বেচারির সবুজ সাথী সাইকেলটা চুরি হওয়ার পর থেকে স্কুলে যাওয়াটাই মস্ত বড়ো ফ্যাসাদ হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকারের এই যোজনাটির দৌলতে সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের একটি করে সাইকেল দেওয়া হয়। ঝাঁচকচকে যন্তরটা প্রথম যখন হাতে এসেছিল, সেদিনটার কথা সরস্বতী আজও ভোলেনি। আহাহা! পোড়ামাটির রোদে কি ঝলমলই না করছিল তার সাধের বাহনটা।
বুক ভরা আশা আর নতুন সাইকেলের আর্জি নিয়ে গ্রামপ্রধানের দফতরে এসেছে। অথচ মোড়ল বাবাজি কাঁধ ঝাকিয়ে বাঁকা হেসে বলেন, “সাইকেল তো পেয়ে যাবি রে ছুঁড়ি, কিন্তু তোর স্কুলটা আর কদ্দিন থাকে সেটা আগে দ্যাখ।” এক ঝটকায় পায়ের তলা থেকে জমিন সরে গেল সরস্বতী বাউরির। কী বলছে লোকটা? এমনিতেই ৫ কিলোমিটার প্যাডেল চালিয়ে তাকে স্কুলে যেতে হয়। এবার সেটা বেড়ে যদি ১০ কিমি হয়ে যায়, বা ২০, কিংবা তারও বেশি? বাপ তার বিয়ে দেবে বলে গোঁ ধরে বসে আছে, বছর গেলে কন্যাশ্রীর এক হাজার টাকায় সেটা আর কতদিন ঠেকিয়ে রাখবে সে?
সাইকেল
খুকুমণি খুকুমণি কোথা যাও তুমি?
“প্যাডেলের ধূলা মোর জনমের ভূমি।”
ক্লাস করে কীবা হবে?
বাবুরা জমির লোভে
ইশকুলে তালা মারে। সাম্য দোহাই —
খুকুমণি খুকুমণি সাইকেলে ধায়।


