আঁধার নামতে না নামতেই সারি সারি টুনিবাল্বে সজ্জিত ওম শক্তির পেল্লাই কাট-আউটটা জ্যান্ত হয়ে উঠল। বাঙ্গালালমেডুর আদিবাসী ইরুলার সমাজ আজ আগুনের উপর হেঁটে তাদের বাৎসরিক তীমিতি তিরুভিরা পরব পালন করতে চলেছে দেবীর জন্য। (তবে ওম শক্তি কিন্তু হিন্দু দেবী।)
সারাটা বিকেল ধিকিধিকি জ্বলতে থাকা কাঠের গুঁড়ি ততক্ষণে ঝুরো ঝুরো আঙারে পরিণত হয়েছে, স্বেচ্ছাসেবীরা এবার সেটা আঙার-বেদি জুড়ে ছড়িয়ে দিতে লাগলেন — পলকে গুলপোশ হয়ে উঠল আঙারের পরত। এই কারণেই তীমিতিকে ‘পূ-মিতি’ বলে ডাকেন ইরুলাররা, অর্থাৎ ‘ফুলের উপর হাঁটা’।
অধীর অপেক্ষায় ভারাক্রান্ত বাতাস, আগুনে হেঁটে ওম শক্তির প্রতি তাঁদের বিশ্বাসে নতুন শিলমোহর লাগাবেন ইরুলাররা, তারই সাক্ষী হতে আশপাশের গাঁ ঝেঁটিয়ে শয়ে-শয়ে মানুষ এসেছেন আজ। এই দেবীটি আদিতে ইরুলার জনজাতির উপাস্য ছিলেন না ঠিকই, তবে শক্তি ও ক্ষমতার অধিষ্ঠাত্রী রূপে তামিলনাড়ু জুড়ে তাঁর ভক্তের সংখ্যা অগুন্তি।
এ রাজ্যে ইরুলার (‘ইরুলা’ নামেও ডাকা হয় তাঁদের) গোষ্ঠী তফসিলি জনজাতির তালিকায় নিবন্ধিত। প্রথাগতভাবে ইরুলাররা কান্নিয়াম্মার উপসনা করে এসেছেন, এঁদের মতে তিনি সাত কুমারী ঠাকুরানির একজন। প্রতিটি ইরুলা গেরস্থে কান্নিয়াম্মার প্রতীকস্বরূপ একগোছা নিমপাতার উপর একটি করে কলসম (মাটির কলসি) দেখতে পাবেন।
























