মমতা পারেদ ছিলেন আমাদের সহকর্মী ছিলেন। ২০২২-এর ১১ ডিসেম্বর মেধায় নজিরবিহীন, অঙ্গীকারে দৃঢ় এই তরুণ সাংবাদিকের প্রয়াণ পারি’র সহকর্মীদের জন্য অত্যন্ত বেদনার এক অধ্যায় ছিল।
তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে একটি বিশেষ পডকাস্ট প্রকাশ করছি আমরা, এখানে মমতার কণ্ঠে শোনা যাবে মহারাষ্ট্রের পালঘর জেলার ওয়াড়া তালুক নিবাসী তাঁর নিজের ওয়ারলি জনগোষ্ঠীর কথা। মৃত্যুর কয়েক মাস আগে এটি রেকর্ড করেছিলেন মমতা।
বুনিয়াদি সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত ওয়ারলি ও অন্যান্য আদিবাসী সমাজের সংগ্রামই ছিল মমতার সাংবাদিকতার প্রতিপাদ্য বিষয়। অকুতোভয় এই সাংবাদিক প্রত্যন্ত, অখ্যাত সেইসব জনপদের খবর প্রকাশ করতেন যেগুলি কোনও মানচিত্রে ঠাঁই পায়নি। ক্ষুধা, শিশুশ্রম, দাদনবদ্ধ শ্রমজীবন, বুনিয়াদি শিক্ষা, ভূমি অধিকার, বাস্ত্তুচ্যূতি, জীবিকা ইত্যাদি মৌলিক বিষয়ে ঘিরে লিখেছেন বহু প্রতিবেদন।



