মেঠো পথে হাঁটুন, ডুব দিয়ে আসুন দীঘিতে, এক দণ্ড স্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখুন কীভাবে বদলায় আলোর রং, কান পাতুন মাটিতে… শুনুন। শুনতে পাবেন অগণন মানুষের কথা, তাদের জীবন, যাপন, আনন্দ, বেদনা। একটা সার্থক ছবির কাজ হল এই অগুন্তি অধরা কাহিনিগুলিকে একটি ফ্রেমের ভিতরে পুরে পাঠককে নিয়ে যাওয়া সেই জায়গায়, সেই মানুষগুলির জীবন রঙ্গমঞ্চের মাঝটিতে।
এখানে সংকলিত পাঁচটি ফোটো-এসে বা চিত্র-প্রবন্ধ আমাদের নিয়ে যায় ভারতবর্ষের গ্রাম-গঞ্জ-শহরের হৃদয়স্থলে। পশ্চিমবঙ্গের এক মৃতপ্রায় শিল্পধারা ও অনিঃশেষ ক্ষুধার সহাবস্থান, হিমাচল প্রদেশে ক্যুইয়ার মানুষদের জীবনসংগ্রামের জয়গান, তামিলনাড়ুতে প্রান্তিক গোষ্ঠীর মানুষদের নিজেদের জবানিতে উঠে আসা জীবনকথা – একটি একটি করে ছবি জুড়ে জুড়ে তৈরি হয় ভূপ্রকৃতি, জনজাতি, জীবনযাপনের বিপুল বৈচিত্র্যময় এক আখ্যান – ভারতবর্ষের আখ্যান।
ক্যামেরা আসলে খুব শক্তিশালী একটা মাধ্যম, আত্মদর্শনের এমন একটা উৎস যা শেষ পর্যন্ত নিক্ষিপ্ত হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে, আর সেই আত্মদর্শী চোখে ধরা পড়ছে অবিচারের সত্যতা, এবং হয়তো সুবিচারের সম্ভাব্য পথগুলিও।
এক মুহূর্তের জন্য হৃদয় থমকে দিতে পারে এই গল্পেরা, কিংবা হয়তো কামানের গোলার মতো এসে লাগতে পারে বুকে।




















