কোমলকে ট্রেন ধরতে হবে। বাড়ি ফিরছে সে, অসমের রঙ্গিয়া জংশনে।
সেই বাড়ি, যেখানে আর কোনওদিনও ফিরবে না বলে প্রতিজ্ঞা করেছিল সে, বৌদ্ধিক প্রতিবন্ধকতায় ভোগা মাকে দেখতেও না।
দিল্লির জিবি রোডের যৌনপল্লিতে থাকা এবং কাজ করাও তার কাছে শ্রেয় মনে হয়েছিল সেই বাড়িতে ফেরার চেয়ে যেখানে তাকে যৌন নিগ্রহ করা হয়েছে। কোমল জানাচ্ছে, যে পরিবারে তাকে ফেরানো হচ্ছে তারই সদস্য তার ১৭ বছরের তুতো দাদা, কোমলের যখন নাকি মাত্র ১০ বছর বয়স তখন একাধিকবার তাকে ধর্ষণ করেছিল যে দাদা। “[সেই] দাদার মুখ দেখতে চাই না। ঘেন্না করি ওকে,” বলে ওঠে কোমল। কোমলকে প্রায়ই মারধর করত সে, বাধা দিতে গেলে হুমকি দিত কোমলের মাকে মেরে ফেলবে বলে। একবার ধারালো কিছু দিয়ে আঘাত করেছিল, কপালে নাছোড়বান্দা দাগ রেখে গেছে সেই আঘাত।
“হেকারণে মুর ঘর যাব মন নাই। মই কিমন বার কইসু হিহতক [এই জন্যেই আমি বাড়ি যেতে চাই না। ওদের আমি অনেকবার বলেওছি সেটা],” পুলিশের সঙ্গে তার কথোপকথন প্রসঙ্গে জানালো কোমল। তা সত্ত্বেও কোমলকে কোনও ব্যবস্থা ছাড়াই অসমের উদ্দেশে ৩৫ ঘণ্টার ট্রেনযাত্রায় পাঠিয়ে দিয়েছে পুলিশ। সঙ্গে একটা সিম কার্ডও দেয়নি যাতে অন্তত সে নিরাপদে বাড়িটুকু পৌঁছলো কিনা সে খবর রাখা যায়, বাড়ি ফিরে আবারও হিংসার মুখে পড়লে কী হবে সে ভাবনা তো দূর অস্ত।
আদতে কোমলের প্রয়োজন ছিল পাচার হয়ে যাওয়া নাবালিকা ও কিশোর-কিশোরীদের বিশেষ প্রয়োজনগুলির প্রতি সংবেদনশীল সহায়তা পরিষেবা।





