“সন্ধে নামলে সমস্ত পশুপাখিরা এখানে জিরোতে আসে। এটা বরগত [বট] গাছ।”
পোস্টার সদৃশ একখান কাগজে, তুলির দক্ষ টানে রং চাপাতে চাপাতে পারির সঙ্গে কথা বলছিলেন সুরেশ ধুর্ভে। “এই গাছটা পিপল [অশ্বত্থ], পাখিরাই বেশি করে এটার উপর এসে বসবে,” এই বলে প্রকাণ্ড এক মহীরুহের কাণ্ডে আরও আরও শাখাপ্রশাখা জুড়ে দিলেন সুরেশ বাবু।
আজ আমরা মধ্যপ্রদেশের ভোপাল শহরে এসেছি। ৪৯ বছরের এই গোণ্ড শিল্পী তাঁর ঘরের মেঝেতে বসেছিলেন। দোতলার এই ঘরটায় দরজা-জানলা সব খোলা, গাছের পাঁতার ফাঁক দিয়ে দেদার আলো ঢুকছে। সুরেশ বাবুর পাশেই এক বয়াম সবুজ রং রাখা, থেকে থেকে তাতে তুলি ডোবাচ্ছিলেন। “এককালে আমরা তুলির জায়গায় বাঁশের কঞ্চি আর গিলহেরি কে বাল [কাঠবেড়ালির লোম] ব্যবহার করতাম। ভালোই হয়েছে ওসব [কাঠবেড়ালির লোম] আজ বেআইনি হয়ে গেছে। এখন তাই আমরা প্লাস্টিকের তুলিই ব্যবহার করি,” জানালেন তিনি।
সুরেশ ধুর্ভে বলেন যে তাঁর আঁকা ছবিরা গল্প কয়, তাছাড়া “আমি যখন আঁকতে বসি, কী আঁকব সেটা ভাবতে ভাবতেই বিস্তর সময় কেটে যায়। ধরুন সামনেই দীপাবলি আসছে, তা সে পার্বণ ঘিরে গাইগরু বা পিদিমের যে নানান জিনিস রয়েছে, আমায় সমস্ত কিছু নিয়ে ভাবতেই হবে।” গোণ্ড জনজাতির চিত্রশিল্পীরা তাঁদের আঁকায় পশুপাখি কীটপতঙ্গ থেকে বনজঙ্গল, আসমান, কিংবদন্তি, লোককথা, চাষবাস এবং সামাজিক দেওয়া-নেওয়ার পুরো রামধনুটাই টেনে আনেন।






