পঞ্জাবে তাঁর পিন্ডের (গ্রাম) সেই ট্রাভেল এজেন্টকে ঘিরে সিং সাহেবের দুঃস্বপ্ন আজও কাটতে চাইছে না।
সেই এজেন্ট বাবাজির পয়সাকড়ি মেটাতে সিং সাহেব (নাম পরিবর্তিত) তাঁর পারিবারিক এক-একর জমি বেচতে বাধ্য হয়েছিলেন। তার বিনিময়ে জতিন্দর নামে সেই এজেন্ট “এক নম্বর [আইনি নথি]”-এর কথা দেয়, যার দৌলতে সিং সাহেবের বিনা ঝুটঝামেলায় সার্বিয়া হয়ে পর্তুগালে পৌঁছে যাওয়ার কথা ছিল।
কিন্তু অচিরেই সিং সাহেব টের পেলেন জতিন্দর তাঁকে ঠকিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মানব-পাচারের শিকার হয়েছেন তিনি। রাগেদুঃখে হতভম্ব মানুষটি মুখ ফুটে একথা দেশগাঁয়ে তাঁর ফেলে আসা পরিবারকে জানাতেও পারেননি।
সেযাত্রায় তিনি ও তাঁর সহ-পরিয়ায়ীরা কেবল বৃষ্টির জমা পানি ও পাউরুটি খেয়ে ইউরোপের ঘন বনজঙ্গল ঠেঙিয়ে, নর্দমা সাঁতরে, পাহাড়পর্বত ডিঙোতে বাধ্য হয়েছিলেন — তারপর থেকে পাউরুটিতে অরুচি ধরে গেছে সিং সাহেবের।
“মেরে ফাদার সাব হার্ট পেশেন্ট আ। ইন্না টেনশন ওহ্ লেহ্ নি সাকতে। নালে, ঘর মেঁ জা নহি সকদা কে ম্যাঁ সারা কুছ দাউ তে লাকে আয়া সি [আমার বাবা হৃদরোগে আক্রান্ত। উনি এত মানসিক টানাপোড়েন সহ্য করতে পারবেন না। আর আমিও ঘরে ফিরতে পারিনি, কারণ সবকিছুর বাজি রেখেই তো এখানে এসেছিলাম],” ঝরঝরে পঞ্জাবি ভাষায় জানালেন ২৫ বছরের সিং সাহেব, পর্তুগালে যে দু’কামরার বাড়িটায় বসে বলছিলেন সেটা আরও পাঁচজনের সঙ্গে ভাগাভাগি করে ভাড়ায় নেওয়া।
বিগত বেশ কিছু বছর ধরেই ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশীয় দেশসমূহের মজুরদের পছন্দের গন্তব্য হয়ে উঠেছে পর্তুগাল।








