অশোক জাটভ এক চলমান মৃত মানুষ।
৪৫ বছর বয়সি অশোক রোজ সকালে ঘুম থেকে ওঠেন, আর পাঁচজন জীবিত মানুষের মতোই। অন্যের খেতে গিয়ে সারাদিন খাটেন আর যে কোনও খেতমজুরের মতো। সারাদিন কাজ করে সন্ধেবেলা ঘরে ফেরেন, ঠিক যেমন ফেরেন বাকি শ্রমিকেরা। বাকিদের সঙ্গে তাঁর তফাত একটাই: সরকারি খাতায় অশোক আসলে ‘মৃত’।
২০২৩ সালের জুলাই মাসে খোরঘাড়ের বাসিন্দা অশোক প্রথম খেয়াল করেন, গত দু’বছর ধরে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে তাঁর প্রাপ্য ৬,০০০ টাকাটি তিনি পাচ্ছেন না। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকারের ঘোষিত এই যোজনায় দেশের কৃষকরা ন্যূনতম উপার্জন সুরক্ষা হিসেবে বছরে ৬,০০০ টাকা পর্যন্ত পাওয়ার উপযোগী।
প্রথম দু’বছর নিয়মমাফিক তাঁর অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাচ্ছিল। তারপর হঠাৎ বন্ধ হয়ে যায়। অশোক ভেবেছিলেন, সিস্টেমে নিশ্চয় কোনও গোলমাল হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। ঠিকই ভেবেছিলেন। গোলমালই বটে, তবে যেমন গোলমাল ভেবেছিলেন ঠিক তেমনটা নয়।
শেষে জেলা কালেক্টোরেটে যখন খোঁজ নিতে গেলেন টাকা আসা কেন বন্ধ হয়ে গেছে, কম্পিউটারের উল্টোদিকের লোকটি সব তথ্য খতিয়ে দেখে শান্ত স্বরে তাঁকে জানালেন, গত ২০২১ সালে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অশোক। অশোক বুঝতে পারেননি হাসবেন না কাঁদবেন। এখন বলছেন, “মুঝে সমঝ নেহি আয়া ইসপে ক্যা বোলুঁ [এর কী উত্তর দেব আমি বুঝতেই পারলাম না]।”







