ঝলমলে সবুজ ধানের খেতে দাঁড়িয়ে গানে গানে তাঁর হৃদয়খানি উজাড় করে দিলেন নরেন হাজারিকা, আর দিনকতক বাদেই সোনারং ধরবে শিষে শিষে। সপ্ততিপর নরেন জ্যাঠার সুরে তাল (করতাল) ধরেছেন রবিন হাজারিকা (৬০), ঢুলে সঙ্গত করছেন জিতেন হাজারিকা (৮২)। তিনজনেই তিতাবার মহকুমার বালিজন গাঁয়ের প্রান্তিক কৃষক। জোয়ান বয়সে এঁরা তিনজনেই ওস্তাদ বিহুবাস (বিহুশিল্পী) ছিলেন।
“চাইলে কথা বলতেই পারেন, তবে রঙ্গালি [বসন্তোৎসব] বিহুর গপ্প কিন্তু কোনদিনও ফুরোবে না!”


