সেবার বৎসলা ছিল বলেই তো মণিরাম ধড়ে প্রাণ নিয়ে ফিরতে পেরেছিলেন।
“পাণ্ডব জলপ্রপাতে গিয়েছিলাম,” এই বলে গল্পটা শুরু করলেন মণিরাম, “বৎসলা চরতে চরতে না জানি কোথায় একটা চলে গেছে। ওকে ঢুঁড়ে আনতে যাচ্ছি, হঠাৎ একখান বাঘ এসে হাজির।”
মণিরামের আর্তনাদ কানে আসতেই, “ও ছুটতে ছুটতে এসে সামনের পা'দুটো তুলে দিল, যাতে আমি তরতরিয়ে বেয়ে উঠতে পারি। বৎসলার পিঠে চড়ে বসতেই ও দুড়ুম দুড়ুম করে সজোরে পা ঠুকে গাছপালা সব ভাঙতে শুরু করে দিল। টাইগার ভাগ গ্যয়া [বাঘটা পালিয়ে গেল],” একরাশ স্বস্তি নিয়ে জানালেন মহাবত [মাহুত] মণিরাম।
পান্না ব্যাঘ্র প্রকল্পের গিন্নিমা বৎসলা, বলা হয় তার বয়স নাকি ১০০ বছরেরও বেশি — অর্থাৎ পৃথিবীর প্রবীণতম হাতি। “কেউ বলে ওর বয়স ১১০, কেউ বলে ১১৫। আমার মনে হয় সত্যিই,” মণিরাম জানাচ্ছেন। গোণ্ড আদিবাসী মণিরাম সেই ১৯৯৬ সাল থেকে বৎসলার সেবাযত্ন করে চলেছেন।
কেরালা ও মধ্যপ্রদেশ জুড়ে বিচরণ করা বৎসলা একটি এশীয় হস্তী (এলেফাস ম্যাক্সিমাস)। মণিরামের মতে সে খুবই শান্তশিষ্ট, তবে আর পাঁচটা প্যাকিডার্মের মতো কম বয়সে খুব দামাল ছিল। আজ তার দৃষ্টি তথা শ্রবণশক্তি ক্ষীণ হয়ে আসা সত্ত্বেও বিপদের আঁচ পাওয়ামাত্র স্বজাতির পালকে সে সাবধান করে দেয়।
বৎসলার ক্ষুরধার ঘ্রাণশক্তিরও তারিফ করলেন মণিরাম, কাছেপিঠে হিংস্র কোনও শ্বাপদ থাকলে সে ঠিক টের পেয়ে যায়। তেমনটা হওয়ামাত্র তার বৃংহন শুনে একজোট হয়ে যায় হাতির পাল — দলের মধ্যিখানে থাকে হস্তীশাবকেরা। মণিরামের কথায়, “শ্বাপদটা হামলা করার চেষ্টা করলে হাতিরা পাথর, লাঠি, গাছের ডাল যা পায় তাই শুঁড়ে তুলে খেদিয়ে দেয় ব্যাটাকে। পেহলে বহুৎ তেজ থি [বৎসলা আগে আরও তেজি ছিল]।”










