“নিজের গাঁ ছেড়ে হায়দরাবাদে যখন যাই, যা কাজ পেতাম সেটা করেই পেট চালাতাম। ইচ্ছে ছিল মেয়েদের ভালো করে পড়াব, তার জন্য যেন যথেষ্ট পরিমাণে রোজগার করতে পারি,” জানালেন গুডলা মাঙ্গাম্মা। ২০০০ সালে স্বামী গুডলা কোটাইয়ার সঙ্গে তেলেঙ্গানার মেহবুবনগর জেলায় নিজেদের গ্রাম ছেড়ে সে রাজ্যের রাজধানী হায়দরাবাদে এসে উঠেছিলেন তিনি, প্রথম সন্তান কল্পনা ভূমিষ্ঠ হওয়ার পরেই।
তবে এ শহর তাঁদের আশা-ভরসায় জল ঢেলে দিয়েছিল। কোত্থাও কোনও কামকাজ না পেয়ে স্বহস্তে বর্জ্য পরিষ্কার করার কাজে ঢুকতে বাধ্য হন কোটাইয়া। শুরু হয় নর্দমা সাফাইয়ের পালা।
আদতে তিনি চাকালি সম্প্রদায়ের (তেলেঙ্গানায় এটি অন্যান্য অনগ্রসর জাতিসমূহের অন্তর্ভুক্ত) মানুষ হলেও প্রথাগত ধোপাদের কোনও ঠাঁই ছিল না হায়দরাবাদে। “আমাদের পূর্বপুরুষেরা জামাকাপড় কেচে-টেচে ইস্ত্রি করতেন। কিন্তু আমরা আজ নেহাতই বেকার; ঘরে ঘরে ওয়াশিং মেশিন আর আয়রন বাক্সের ছড়াছড়ি,” কাজ জোটাতে গিয়ে গুডলা দম্পতি যে কেন হিমসিম খাচ্ছিলেন, সেটাই বুঝিয়ে বললেন মাঙ্গাম্মা।
নির্মাণক্ষেত্রে দিনমজুরিরও চেষ্টা করে দেখেছিলেন কোটাইয়া। মাঙ্গাম্মার কথায়: “প্রতিবারই দেখতাম ইমারতির জায়গাগুলো বাড়ি থেকে এত দূরে যে গাঁটের কড়ি না খসিয়ে সেখানে যেতে পারত না সে, তাই ও ভেবেছিল যে হাতে করে সাফসাফাইয়ের কাজই ভালো, আর কিছু না হলেও ঘর ছেড়ে দূরদূর পাড়ি দিতে হয় না।” তাঁর আন্দাজ, ফি সপ্তাহে অন্তত বার তিনেক তো এই কাজটা করতেনই তাঁর স্বামী। দিন গেলে ২৫০ টাকা আসত হাতে।
মে, ২০১৬ সালের সেই সকালটার কথা মনে পড়ে মাঙ্গাম্মার, সকাল ১১টা নাগাদ রওনা দিয়েছিলেন কোটাইয়া। স্ত্রীকে বলে গিয়েছিলেন, নর্দমা পরিষ্কার করতে যাচ্ছেন, তাই মাঙ্গাম্মা যেন বাড়ির বাইরে একবালতি পানি রেখে দেন, সাফসুতরো হয়ে তবেই ঘরের চৌকাঠ ডিঙোবেন। “আমার স্বামী সাফাই কর্মীকুলু [পৌর সাফাই কর্মী] ছিল না। চাট্টি টাকাপয়সার প্রয়োজন, তাই ওসব কাজ করত মানুষটা,” বলে উঠলেন মাঙ্গাম্মা।














