প্রকৃতিবিদ তথা আলোকচিত্রী রাধেশ্যাম বিশনোইয়ের স্মরণে নিবেদিত এই প্রতিবেদন।
২৩ মে, ২০২৫ তারিখে জয়সলমীর জেলায় একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারান রাধেশ্যাম। গভীর রাত্রে ভাদরিয়া মাতা ওরণে চোরাশিকারের খবর পেয়ে অকুস্থলে যাওয়ার পথে মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ওরণ (পবিত্র কৌম কুঞ্জবন) আইইউসিএন রেডলিস্টে থাকা চিঙ্কারা (গ্যাজেলা বেনেট্টি) হরিণের আশ্রয়। যানবাহনের মুখোমুখি সংঘর্ষে রাধেশ্যামের সহযাত্রী একাধিক বন আধিকারিকও মারা যান।
রাজস্থানের পোকরান তেহসিল নিবাসী রাধেশ্যাম বিশনোই ছিলেন এক নিবেদিতপ্রাণ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ও প্রকৃতিকর্মী। এই অঞ্চলের নিজস্ব গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড-সহ নানান পাখি তথা চিঙ্কারা-সহ বিবিধ প্রাণীর সংরক্ষণ প্রয়াস, তাদের গতিবিধি পর্যবেক্ষণ এবং চোরাশিকার প্রতিহত করার কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন তিনি। এই বিষয়গুলির প্রতি উৎসাহী মানুষদের কাছে তিনি মুক্তহস্তে নিজের জ্ঞান ও আলোকচিত্রের ভাণ্ডার উজাড় করে দিতেন। তাঁর অকাল মৃত্যু এক অপূরণীয় ক্ষতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের সমাজকে। ৩০ বছর বয়সি রাধেশ্যাম তাঁর মা, স্ত্রী ও দুই শিশুসন্তান-সহ ধোলিয়া গ্রামে বসবাস করতেন। তাঁর কাজের সঙ্গে পরিচিত মানুষের মনে তিনি রয়ে যাবেন চিরকাল।

















