যমুনা যাদবকে দেখে মোটেই বোঝার উপায় নেই যে তিনি গত দুদিন ঠিক করে ঘুমোননি। মুঠি করা হাত ওপরে তুলে, সহাস্য যমুনা বলছেন, ‘লাল সেলাম। আগামী দুই দিনের জন্য আমরা মুখিয়ে আছি।”
সবে ছয় ঘন্টা ছয়েক আগে তিনি মহারাষ্ট্রের নাসিক জেলার দুদগাঁও গ্রাম থেকে দিল্লি এসে পৌঁছেছেন। যমুনা জানালেন, “২৭শে নভেম্বর রাতে নাসিক থেকে আমরা ট্রেন ধরলাম। কোন সংরক্ষিত বার্থ আমাদের ছিল না। তাই সারাটা পথ জুড়ে দরজার কাছাকাছি বসে এসেছি। এক নাগাড়ে প্রায় ২৪ ঘন্টা ওইভাবে বসে আমার পিঠ এখন ব্যথায় টনটন করছে।”
২৯শে নভেম্বরের কনকনে সকালে দিল্লি এসে পৌঁছনো হাজার হাজার কৃষকের একজন যমুনা (শীর্ষে কভার ছবিতে)। প্রায় ১৫০-২০০টি কৃষক এবং শ্রমজীবী সংগঠন তথা ইউনিয়ন মিলে গঠিত একটি যৌথ মঞ্চ অখিল ভারত কিষান সংঘর্ষ সমন্বয় কমিটি, দুই দিনের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সারা দেশের কৃষিজীবীদের সংগঠিত করেছে। আজ ৩০শে নভেম্বর, প্রতিবাদে অংশগ্রহণকারীরা কৃষি সংকট বিষয়ে আলোচনা করার জন্য সংসদের ২১ দিনের একটি বিশেষ অধিবেশনের দাবিতে সংসদের দিকে মিছিল করে অগ্রসর হবেন।









