চাক্ষুষ করলাম বটে, কিন্তু ঠিক বিশ্বাস হল না। গাড়ি নিয়ে কাছে গেলাম, তারপর গাড়ি থেকে নেমে এসে তাঁর দিকে তাকিয়ে রইলাম। একদম সত্যি। তবুও ঠিক বিশ্বাস হচ্ছিল না। ৪০-৪৫ ফুট লম্বা পাঁচখানা বাঁশ রতন বিশ্বাস তাঁর সাইকেলে ভারসাম্য বজায় রেখে বসিয়ে বেঁধে নিয়েছেন। তাঁর গ্রাম থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার বাজার পর্যন্ত ১৭ কিলোমিটার পথ তিনি এই ওজন টেনে নিয়ে চলেছেন। বাঁশের বেরিয়ে থাকা প্রলম্বিত অংশ যদি বেকায়দায় পাথর, উঁচু এবড়োখেবড়ো জায়গা অথবা অন্য কোনোকিছুর সঙ্গে আঘাতগ্রস্ত হয়, তাহলে সাইকেলটি চালক এবং বাঁশ এই সব সমেতধাক্কা খেয়ে মাটিতে পড়বে; এবং ভালোরকম ঘায়েল হবে। বাঁশের একটা বৈশিষ্ট্য হল আদতে যা ওজন তার চেয়ে দেখতে অনেক হালকা। সাইকেলে বাঁধা ছিল পাঁচখানা বাঁশ, যদিও দেখে মনে হচ্ছিল চারটি আছে, দুটি বাঁশ এমন শক্ত করে একসঙ্গে বাঁধা হয়েছিল যে তারা পরস্পরের মধ্যে মিশে ছিল। এই পাঁচটি বাঁশ মিলেওজন প্রায় ২০০কেজি। বিশ্বাস তা ভালোমতই জানেন। আমাদের সঙ্গে কথা বলতে পেরে তিনি বেশ খুশি হলেন এবং তাঁর এই অবিশ্বাস্য পণ্যসম্ভারের ছবি আমাদের তুলতে দিলেন। যদিও আমাদের সাইকেলটি টানতে দিতে সম্মত হলেন না। আসলে তিনি সেই কাজের ঝুঁকি সম্বন্ধে ওয়াকিবহাল।
‘এই মাত্র পাঁচ ফুট দৈর্ঘ্যের সাইকেলে, দৈত্যাকার বাঁশগুলোর বিশাল ওজনের ভারসাম্য আপনি বজায় রাখেন কেমন করে?’ তিনি একগাল হেসে আমাদের কাঠের তক্তা দেখান, এই তক্তাও আসলে বাঁশ দিয়েই তৈরি।সাইকেলের সামনের দিকে দুটো তক্তা খাড়া ভাবে দাঁড় করানো রয়েছে। এগুলির নিচের দিকটি আবার সাইকেলের নিজস্ব কোনাকুনি করে থাকা রডের সঙ্গে বাঁধা যেটি আবার সাইকেলের আড়াআড়ি রডটির দুইদিকে বাঁধা। আরেকটি বাঁশের তক্তাআড়াআড়িভাবে সাইকেলের কেরিয়ারের সঙ্গে বেঁধে রাখা আছে।





