“আমরা দাশরা নাচতে যাচ্ছি। এটা [দাশরা নাচ] দাশরায় [দশেরা] শুরু হয়ে ফেব্রুয়ারি-মার্চ অবধি তিন-চার মাস ধরে চলে। দাশরার উৎসব হয়ে গেলে আমরা আমাদের বাইগা গ্রামগুলোয় যাই আর সারারাত ধরে নাচি,” বলছিলেন নর্তক ইটওয়ারি রাম মাছিয়া বাইগা। তিনি ছত্তিশগড়ের বাইগা সমাজের সভাপতি।
পেশায় চাষি এই নর্তক ষাটের কোঠায় পা রেখেছেন, থাকেন কবীরধাম জেলার পান্ডারিয়া ব্লকের আমানিয়া গাঁয়ে। সরকার থেকে আয়োজিত জাতীয় ট্রাইবাল নৃত্য উৎসবে অংশ নিতে সদলবলে এসেছেন রায়পুরে।
ছত্তিশগড়ে যে সাতটি অত্যন্ত অসুরক্ষিত আদিবাসী জনজাতি (পিভিটিজি) রয়েছে, বাইগা সম্প্রদায়টি তাদের অন্যতম। এই রাজ্য বাদে মধ্যপ্রদেশেও তাঁদের নিবাস।


