ফটটট্!
টুপকি থেকে পেঙ্গ ফলের বুলেট ছিটকে বেরোলে ঠিক এইরকম আওয়াজ হয়! ছত্তিশগড়ের জগদলপুর শহর, টুপকি ও পেঙ্গের যুগলবন্দিই এখানকার গোঞ্চা উৎসবের গার্ড অফ অনার।
টুপকি বস্তুটি একধরনের বন্দুক, বাঁশ দিয়ে বানানো নল থেকে ছিটকে বেরোয় পেঙ্গ নামে এক বুনো ফলের ছররা। উৎসবকালে জগন্নাথের রথের আশেপাশে এই বন্দুক দেগেই প্রণাম জানানো হয়। জুলাইয়ের এই পার্বণে বস্তার অঞ্চল থেকে হাজার হাজার মানুষের আগমন হয় গোঞ্চে।
জগদলপুরবাসী বনমালি পাণিগ্রাহী জানালেন: “গোঞ্চ উৎসবে যোগ দিতে কাছেপিঠের গাঁ থেকে যাঁরা আসেন, তেনাদের টুপকি কেনা চাই-ই চাই।” এই শোভাযাত্রায় টুপকি ইস্তেমাল হয়নি, এমনটা কখনও হয়েছে বলে তাঁর মনে নেই।
থোকা থোকা ফলওয়ালা এক জাতীয় লম্বাটে লতানো গাছের দেখা মেলে পাশের জঙ্গলে। মালকাঙ্গিনি নাম তার। সে গাছেরই খুদে খুদে গোলাকার সবজে-হলুদ ফল পেঙ্গ। টুপকির কার্তুজ বা ছররা এটাই।
হ্যাঁ, গোঞ্চা পরবটি পুরিতেও পালিত হয় বটে, তবে টুপকি আর পেঙ্গ দেগে ঈশ্বরকে সেলাম জানানোর রীতি কিন্তু বস্তারের নিজস্ব। অরণ্যমাঝে বাঁশ-নির্মিত এই বন্দুক চালিয়েই এককালে জংলি জন্তু-জানোয়ার তাড়ানো হত।









