দোকানটা তাঁর নয় তো কী হয়েছে? খোদ মালিক তাঁর জিগরি দোস্ত, জানালেন তিনি। খানিক পরেই তা সটান "মালিকের আত্মীয়" হয়ে গেল, তারপর "আত্মীয়-ও, আবার দোকানে কাজও করি"-তে গিয়ে ঠেকল ব্যাপারটা। ভাগ্যে আর বেশিক্ষণ জেরা করিনি, নয়তো নিজেকেই মালিক বলে ঘোষণা করে দিতেন হয়তো!
ফটো তোলাতে রাজি তো হলেনই না, এমনকি দোকানের ভিতরে ঢুকে ছবি তুলতে চাইলে সেটাতেও ঘোঁৎঘোঁৎ করছিলেন। তবে বাইরে যে সাইনবোর্ডটা সাঁটা ছিল, সেটার ব্যাপারে আপত্তি করেননি, ওটার ফটো তুলতে গেলে বরং বেশ উৎফুল্লই হয়েছিলেন।
দোকানের দরজা থেকে খানিক তফাতে ঝুলছিল সাইনবোর্ডটা, লেখা ছিল 'বিদেশি শরাব দুকান। (অর্থাৎ বিলিতি মদের দোকান)। লাইসেন্সি: রমেশ প্রসাদ। জায়গাটা সরগুজা জেলার কটঘোরা শহরের একপ্রান্তে, অধুনা ছত্তিশগড় হলেও তখন সেটা ছিল মধ্যপ্রদেশ। এই যে ব্যক্তিটি দুলকি চালে টলতে টলতে খোশগপ্পো জুড়েছিলেন আমাদের সঙ্গে, আর যেই হোন না কেন, তিনি রমেশ প্রসাদ নন। ততক্ষণে অবশ্য একটা জিনিস জলবৎতরলং হয়ে গিয়েছিল - মানুষটি বিলিতি মদের এই দোকানের একজন নিয়মিত খদ্দের বই আর কিছুই নন!
সত্যিই কি বিদেশী মদ? নাহ্, ঠিক তা নয়। এর আগে এই আইএমএফএল আদ্যাক্ষরগুলি কখনও শুনেছিলাম বলে ঠাহর হচ্ছিল না। আইএমএফএল বলতে ইন্ডিয়ান মেড ফরেইন লিকার, অর্থাৎ ভারতে উৎপাদিত বিদেশি সুরা। ১৯৯৪ সালে এই ফটোটি তোলার সময় দিশি মদ বনাম আইএমএফএলের লড়াইয়ে তোলপাড় হচ্ছিল চারিদিক।
ল ইনসাইডার নামে ওয়েবসাইটটি থেকে শিখেছি যে আইএমএফএল মানে "বিদেশ থেকে আমদানি করা জিন, ব্র্যান্ডি, হুইসকি বা রাম যেভাবে তৈরি হয়, ঠিক সেভাবেই দেশের চৌহদ্দির মধ্যে তৈরি করা বা মিশ্রিত মদ যার মধ্যে মিল্ক পাঞ্চ বা ওই জাতীয় মদ বা সুরামিশ্রিত তরল রাখা গেলেও বিয়ার, ওয়াইন এবং বিদেশে নির্মিত মদ রাখা হয় না।" লক্ষ্য করবেন, "বিয়ার, ওয়াইন এবং বিদেশে তৈরি মদ" কিন্তু বাদ পড়ে যাচ্ছে।
ভারতে তৈরি বিলিতি মদে দুটো জিনিস থাকে, বিদেশ থেকে আমদানি করা লিকার এবং দেশে তৈরি হওয়া ন্যূনতম একটি উপাদান (খুব সম্ভব এটি হয় মাতগুড়, কিংবা বিদেশী মদ কেবলমাত্র মিশিয়ে-টিশিয়ে বোতলে ভরে ফেলা হয় এখানে)। হলফ করে বলা যাবে না অবিশ্যি।



