এই প্যানেলটি গ্রামীণ মহিলাদের কাজের পরিসর ঘিরে রূপায়িত ' দৃশ্যমান কাজ , অদৃশ্য নারী: একটি অনলাইন আলোকচিত্র প্রদর্শনী '- র একাংশ। ১৯৯৩ থেকে ২০০২ সালের মাঝামাঝি সময় জুড়ে ভারতের ১০টি রাজ্যে ঘুরে ঘুরে এই ছবিগুলি তুলেছিলেন পি. সাইনাথ। দেশের বিভিন্ন প্রান্তে বহু বছর ধরে প্রদর্শিত হতে থাকা এই ভ্রাম্যমাণ প্রদর্শনীটি বিশেষ মুন্সিয়ানার সঙ্গে এখানে ডিজিটাইজ করেছে পারি।
সাফসাফাই!
অন্ধ্র প্রদেশের বিজয়নগরমে এই বৃদ্ধা তাঁর বসত বাড়ি এবং আশেপাশের চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। এটা হল ঘরের কাজ - এবং বলাই বাহুল্য “মেয়েদের কাজ।” ঘর বা বাহির যেখানেই হোক না কেন ‘সাফাইকর্মের’ নোংরা কাজটি প্রধানত মেয়েদের দ্বারাই সম্পন্ন হয়। অথচ, এই কাজ করতে গিয়ে পারিশ্রমিক কম, উপরি পাওনা হিসেবে জোটে একরাশ ঘৃণা আর রোষ। রাজস্থানের এই মহিলার কথাই ধরুন না, তাঁদের অবস্থা সবচেয়ে খারাপ। জাতিগত পরিচয়ে তিনি হলেন দলিত*। ম্যানুয়াল স্ক্যাভেনজার (যাঁরা হাতে করে মল মূত্র এবং নর্দমা পরিষ্কার করার অমানবিক পেশায় নিযুক্ত) হিসেবে লোকের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাটা পায়খানা পরিষ্কার করেন। রাজস্থানের সিকরের প্রায় ২৫টি গৃহস্থ বাড়িতে প্রতিদিন তিনি এই কাজটি করে থাকেন।
এই কাজের জন্য প্রত্যেক বাড়ি থেকে তাঁর জন্য বরাদ্দ দিনে মাত্র একটা করে রুটি। কখনও বাড়ির লোকে সদয় হলে মাসে কয়েকটা টাকাও জুটে যেতে পারে। মাস গেলে পরিবার পিছু বড় জোর ১০ টাকা। সরকারি পরিচয়ে তিনি একজন “ভাঙ্গি’, যদিও তিনি নিজেকে ‘মেথর’ বলেন। ইদানীং এইরকম নানান গোষ্ঠী নিজেদের ‘বাল্মীকি’ বলেই পরিচয় দেয়।
মাথার উপর বসানো পাত্রে তিনি বয়ে নিয়ে চলেছেন মানুষের মল। ভদ্র সমাজে গাল ভরা নামে বলা হবে ‘বর্জ্য পদার্থ’, ‘বিষ্ঠা’ ‘নাইট সয়েল’ ইত্যাদি। ভারতের সবচেয়ে অসহায় এবং নিপীড়িত মানুষদের একজন তিনি। শুধুমাত্র রাজস্থানের সিকরেই তাঁর মতো শত শত মানুষ আছেন।
ভারতে স্বহস্তে মল সাফাইকারী কর্মীদের সংখ্যা ঠিক কত? এর কোনো সদুত্তর পাওয়া যাবে না। ১৯৭১ সালের আদমশুমারি পর্যন্ত, এই কর্মীদের কাজ পৃথক পেশা হিসাবে তালিকাভুক্ত করাই হয় নি। বেশ কিছু রাজ্য সরকার এই কর্মীদের অস্তিত্ব স্বীকার করতেই রাজি নয়। তবুও, ত্রুটিপূর্ণ তথ্য বিশ্লষণ করে দেখা যাচ্ছে যে দেশে প্রায় ১০ লক্ষ ম্যানুয়াল স্ক্যাভেনজার আছেন। প্রকৃত সংখ্যা হয়তো আরও বেশি হবে। মলবাহক সাফাই কর্মীদের অধিকাংশই মহিলা।




