এই প্যানেলটি গ্রামীণ মহিলাদের কাজের পরিসর ঘিরে রূপায়িত ' দৃশ্যমান কাজ , অদৃশ্য নারী: একটি অনলাইন আলোকচিত্র প্রদর্শনী '- র একাংশ। ১৯৯৩ থেকে ২০০২ সালের মাঝামাঝি সময় জুড়ে ভারতের ১০টি রাজ্যে ঘুরে ঘুরে এই ছবিগুলি তুলেছিলেন পি. সাইনাথ। দেশের বিভিন্ন প্রান্তে বহু বছর ধরে প্রদর্শিত হতে থাকা এই ভ্রাম্যমাণ প্রদর্শনীটি বিশেষ মুন্সিয়ানার সঙ্গে এখানে ডিজিটাইজ করেছে পারি।
সঞ্চয় যত যত্নে ধরে রাখি
ভোর সাড়ে চারটে বাজতে না বাজতেই তিনি ঘুম থেকে উঠে পড়েছেন। ঠিক এক ঘণ্টার মধ্যেই ছত্তিশগড়ের সরগুজার জঙ্গলে তিনি তেন্দু পাতা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এই মুহূর্তে, তাঁর মতো হাজার হাজার আদিবাসী মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই একই কাজ করছেন। গোটা পরিবারই পাতা বাছাইয়ের কাজে একটা ইউনিট হিসেবে কাজ করে, এই পাতা বিড়ি তৈরির অন্যতম প্রধান উপকরণ।
দিন ভালো গেলে, তাঁর পারিবারের ছয় সদস্য মিলে মোটামুটি ৯০ টাকা ($ ১.৮৫) উপার্জন হয়। তেন্দু পাতার মরশুমের দুই সপ্তাহে তাঁদের আয় আরেকটু বাড়ে পরবর্তী তিনমাসের আয়ের তুলনায়। অতএব এই দুই সপ্তাহ তাঁরা যতটা সম্ভব কাজ করেন। ছয় সপ্তাহের মধ্যে বেঁচে থাকার জন্য নতুন কৌশল ভাবতে হবে। এই অঞ্চলের প্রায় সব পরিবারই এখন জঙ্গলে কাজ করছে। আদিবাসী অর্থনীতিতে তেন্দু পাতার গুরুত্ব অপরিসীম।






