এই প্যানেলটি গ্রামীণ মহিলাদের কাজের পরিসর ঘিরে রূপায়িত ' দৃশ্যমান কাজ , অদৃশ্য নারী: একটি অনলাইন আলোকচিত্র প্রদর্শনী '- র একাংশ। ১৯৯৩ থেকে ২০০২ সালের মাঝামাঝি সময় জুড়ে ভারতের ১০টি রাজ্যে ঘুরে ঘুরে এই ছবিগুলি তুলেছিলেন পি. সাইনাথ। দেশের বিভিন্ন প্রান্তে বহু বছর ধরে প্রদর্শিত হতে থাকা এই ভ্রাম্যমাণ প্রদর্শনীটি বিশেষ মুন্সিয়ানার সঙ্গে এখানে ডিজিটাইজ করেছে পারি।
রান্নাবান্না ঘরকন্না...
ইতিমধ্যেই তিনি রান্নাবান্নার কাজ সেরে নিয়েছেন। তিনি তামিলনাড়ুর যে পরিবারের সদস্য তার জীবিকা তালের রস প্রক্রিয়াজাত করে গুড় তৈরি এবং বিক্রি করা। এই বিশাল পাত্রে তিনি সেই গুড়ই জ্বাল দিয়ে চলেছেন। কাজে তাঁর সামান্য একটা ভুল হলেই পরিবারের আগামী কয়েকদিনের উপার্জন ধাক্কা খাবে।
গুড় জ্বাল দেওয়ার কাজে তাঁর বেশ কিছুটা সময় ব্যয় হয়। সেইজন্যেই রান্নার কাজ আগেভাগে করে ফেলেছেন। এইভাবেই ধোঁয়া আর আঁচের সামনে ঠায় বসে, বেশ কয়েক ঘন্টা ধরে তিনি গুড় তৈরির সঙ্গে যুক্ত নানান কাজ করে চলেছেন। এছাড়াও আছে বাড়ির মহিলাদের জন্য বরাদ্দ গৃহস্থালির অন্যান্য সব কাজকর্ম। যেহেতু খুব অল্প বয়স থেকেই তাঁর উপর এইসব কাজকর্ম করার দায়িত্ব আরোপিত হয়েছে, তাই তিনি এবং তাঁর মতো লক্ষ লক্ষ মহিলা ছোটবেলাতেই স্কুলের পাঠ চুকিয়ে ফেলতে বাধ্য হয়েছেন।









