এই প্যানেলটি গ্রামীণ মহিলাদের কাজের পরিসর ঘিরে রূপায়িত ' দৃশ্যমান কাজ , অদৃশ্য নারী: একটি অনলাইন আলোকচিত্র প্রদর্শনী '- র একাংশ। ১৯৯৩ থেকে ২০০২ সালের মাঝামাঝি সময় জুড়ে ভারতের ১০টি রাজ্যে ঘুরে ঘুরে এই ছবিগুলি তুলেছিলেন পি. সাইনাথ। দেশের বিভিন্ন প্রান্তে বহু বছর ধরে প্রদর্শিত হতে থাকা এই ভ্রাম্যমাণ প্রদর্শনীটি বিশেষ মুন্সিয়ানার সঙ্গে এখানে ডিজিটাইজ করেছে পারি।
ধেনু এল গোঠে ফিরে
জ্বালানির জন্য ঘুঁটে তৈরিতে ব্যস্ত বিহারের এই মহিলা প্রকৃতপক্ষে জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যদিও তাঁর এই অবদানের খতিয়ান জিডিপি-এর পরিসংখ্যানে ঠাঁই পাবে না। জ্বালানির জন্য গোবর ব্যবহার করা দেশের লক্ষ লক্ষ পরিবার জীবাশ্মজাত জ্বালানি ব্যবহার করতে শুরু করলে চূড়ান্ত বিপর্যয় দেখা দেবে। পেট্রোলিয়াম এবং পেট্রো পণ্য আমদানিতেই ভারতের সর্বাধিক বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। ১৯৯৯-২০০০ সালে এ বাবদ ব্যয়ের পরিমাণ ছিল ৪৭,৪২১ কোটি টাকা বা ১০.৫ বিলিয়ন মার্কিন ডলার।
খাদ্য, ভোজ্য তেল, ওষুধ ও আনুষঙ্গিক পণ্য, রাসায়নিক, লোহা ও ইস্পাত আমদানি করার জন্য ভারত মোট যে পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে, পেট্রোলিয়াম এবং পেট্রো পণ্যের পেছনে ব্যয় হয় তার তিনগুণেরও বেশি। ভারতের মোট আমদানি খরচের এক চতুর্থাংশই ব্যয় হয় পেট্রোলিয়াম এবং পেট্রো পণ্যের পেছনে।
সার আমদানি করতে যে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়, তার তুলনায় প্রায় আটগুণ বেশি ব্যয় হয় পেট্রোলিয়াম এবং পেট্রো পণ্যের পেছনে। লক্ষ লক্ষ মানুষ শস্য উৎপাদন করার সময় জৈব সার হিসেবে ফসলে গোবর ব্যবহার করেন। ফলস্বরূপ সার বাবদ খরচের একটা বিরাট বড় অংশ বেঁচে যায়। পতঙ্গরোধক এবং কীটনাশক হিসেবেও গোবর ব্যবহার হয়, তাছাড়াও এর অন্যান্য উপযোগিতা আছে, নানাভাবে ব্যবহার করা যায়। গোবর সংগ্রহের কাজটিও যথারীতি ‘মেয়েদের কাজ’ – এই কাজ করেই কিন্তু গ্রামীণ ভারতের মহিলারা প্রতি বছর সম্ভবত কয়েক বিলিয়ন ডলার বাঁচান। অবশ্য, আমাদের দেশের স্টক এক্সচেঞ্জে গোবর যেহেতু পণ্য হিসেবে নথিবদ্ধ নয়, সম্ভবত যেসব মহিলারা এই গোবর সংগ্রহ করেন তাঁদের ব্যাপারে আমরা এতটা উদাসীন বলেই, মূলধারার অর্থনীতিবিদরা তাঁদের ভাবনাচিন্তায় এই জরুরি উপাদানটিকে স্থান দেননি। শ্রমের এই পরিসরটিকে শ্রদ্ধা করা দূরের কথা, তাঁরা দেখতেই পান না।




