ফেব্রুয়ারির এক রৌদ্রোজ্জ্বল দিন, জয়পুরের রাজস্থান পোলো ক্লাবে ঘড়ির কাঁটা বিকেল ৪টে ছুঁয়েছে।
চার-চার খেলোয়াড়ের দুই দলই নিজ নিজ অবস্থান নিয়ে নিয়েছে।
এই প্রদর্শনী ম্যাচটিতে টিম পিডিকেএফ-এর ভারতীয় মহিলা খেলোয়াড়রা লড়ছেন টিম পোলো ফ্যাক্টরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে— ভারতে অনুষ্ঠিত মহিলাদের সর্বপ্রথম আন্তর্জাতিক পোলো ম্যাচ এটি।
প্রত্যেক খেলোয়াড়ের হাতে একটা করে কাঠের মুষল, খেলা শুরুর জন্য প্রস্তুত সবাই। এই মরসুমে অশোক শর্মার এটাই প্রথম ম্যাচ। তবে, এই খেলার সঙ্গে তাঁর যোগ মোটেই নতুন নয়।
যে-কোনও পোলো খেলোয়াড়ের কাছে অপরিহার্য বেতের তৈরি লাঠি বা মুষল তৈরিতে ৫৫ বছরের অভিজ্ঞতা আছে তৃতীয় প্রজন্মের কারিগর অশোকের। “আমার জন্মই হয়েছে মুষল তৈরির শিল্পধারায়,” তাঁর পরিবারের এক শতাব্দীর ঐতিহ্য প্রসঙ্গে সগর্বে বললেন অশোক। অশ্বারোহী পোলো পৃথিবীর প্রাচীনতম ঘোড়া নিয়ে খেলাগুলির মধ্যে একটি।




















