ধিকি ধিকি খাণ্ডবে ধর্মনিষাদ –
গাণ্ডীবে ঘৃণা ধরে, দরদে জিহাদ।
খুঁটে খাওয়া হাতছানি,
ষোড়শী খোয়াবদানি,
নিঃশ্বাসে নৈর্ঋতে শ্বাপদের গান –
রঙচটা গাঙচিলে জন্ম জন্ম নিলে
ফুসফুসে থাকে শুধু রাতের স্লোগান।
আলজিভে খেলা করে তেলচিটে বঁড়শি,
জল কাটে বুড়োশিব, হৃদয়ে এনআরসি।
নয়নে নয়নখানি, সঘন সিঁদুর জানি,
বেহায়া শিহাবনামে ভেবে মরি কিন্তু –
হ্যাংলা আঁধার হেন শুকনো আঙুর যেন
ফুসফুসে কড়ি গোনে ছিঁড়ে খাওয়া জন্তু।
দ্রিমি দ্রিমি খাণ্ডবী খড়কুটো আজ –
ভাগাড়ে ভারত বাঁধে খ্যাপা যোগীরাজ।
ॐ নমো ঢং নমো, নমো গ্যাসোলিন...
পেটকাটি বামুনের আহ্লাদী দিন।
রাজা তোর হুঙ্কারে, তামাদি অহংকারে,
অক্সিজেনের ঠোঁটে দেখিয়াছি লাল...
আধো আলো নিকুচি –
দেবতার ঠিকুজি –
কফিনে পিরিতি বাঁধি, ইতি মহাকাল।
বাবুদের সার্কাসে, খিদের অনুপ্রাসে,
ছাইদানি মানুষের হিং টিং ছট –
লকলকে জিভে তার
হাড়গিলে অবতার
শরীর শরীর মা গো এলো ছায়ানট।
ছলছল খাণ্ডবে ঝলসানো পাণ্ডবে
"তথাস্তু" বলে কানু, তৎ সৎ মন্ত্র –
পাকানো গোঁফের তালে, সনাতনী জঞ্জালে,
পার্থ পার্থ সে তো লাশকাটা যন্ত্র।
ভুখা পেটে ছোটা দায়, পশুপাখি বলে হায়,
ফ্যাঁসফ্যাঁসে বেনোফুলে হাঁপানির টান...
তথাপি আদর করে ন্যাংটা ছুমন্তরে
জঠরে গাঙর কাটে এঁটো ভগবান।
সাঁতাল, শবর, ভীল,
জাঙ্গুলি মেহফিল্,
দুমুঠো হাওয়ার তরে আর্তি মেরুন।
ধূর্ত সারথি কহে "এ দেশ তোদের নহে,
তোদের পাঁজর কেটে
পড়ে পাওয়া কালকূটে
অট্টহাসনে জ্বলে আমার উনুন।"
সেথায় পেতেছে ফাঁদ
ননীচোরা বাঁকাচাঁদ,
লালচে দুচোখে তার নেশা নেশা ফুর্তি।
ত্রাহি ত্রাহি তাণ্ডবে
আলোনা অবাস্তবে
চকিতে আদিম হবে মানুষের মূর্তি।
নীলচে বেলার ভ্রূণে
জমে থাকা অর্জুনে
প্রেম বলে আমি দেব, ঘৃণা বলে আমি ––
বখাটে খুড়োর কলে
দেখেছি ওষুধ জ্বলে,
এ দেশ এ দেশ আজও মৃতের সেলামি।
অক্সিজেনের যোনি
ছুঁয়েছে নারদমুনি
অসুখের ব্ল্যাকবোর্ডে সুখের বানান।
মহাভারতের কথা গরল সমান।
রথী মহারথী ভাই
যতনে বেড়েছি ছাই
অক্সিজেনের পাতে গোলাপের ভণিতায়,
এ দেশ এ দেশ জানে
সাত্যকি অভিমানে
আগাছা আগুন হবে মুষল খেলায়...
শুধু বেঁচে থাকা দায়...
কেন গেঁথেছ কাফন বুনো তুলসীমালায়?
বলেছিলে আত্মারা একটি চাবির তোড়া,
শরীর দুয়ার বিনা আর কিছু নয় ––
তবু এ পিশাচ তলে, শবনমী দাবানলে,
শরীর শরীর সে তো বউ-কথা-কয়।
উড়কি ধুলোর আঁচে
পোয়াতি পুতুলনাচে
দুরু দুরু খাণ্ডবে লালপেড়ে জ্বিন ––
ফুসফুসে ছোঁয়াবুড়ি
দ্যাখ্ রে গীতেশ্বরী
লজ্জা বাহানা তোর রঙ বেদুইন।



