জুঁইফুল গুলজার নিজের সরগরম দুনিয়ায়। সাতসকালে আবির্ভাব ঘটে তার। ধড়াম করে মুক্তোসম কুঁড়ি-বোঝাই বস্তা এসে নামে মাদুরাইয়ের মাট্টুঠাভনি বাজারে। বস্তা থেকে ফুল ঢালতে ঢালতে “ভাড়ি, ভাড়ি [হ্যাট, হ্যাট],” বলে চেঁচিয়ে ওঠে লোকজন। হুড়ুশ্! সারি সারি কুঁড়ি এসে পড়ে বিছিয়ে রাখা প্লাস্টিকের উপর। পলকা মল্লি (জুঁই), সযত্নে তাদের জড়ো করে লোহার দাঁড়িপাল্লায় ডাঁই করেন বিক্রেতারা — ঝনঝন! শেষে খদ্দেরের প্লাস্টিকের থলিতে জড়ো হয় এক কেজি কুঁড়ি। কেউ বা দাম জিগাচ্ছে, কেউ বা তারস্বরে দর জানাতে ব্যস্ত। ত্রিপলের উপর সচল পায়ের খসখস, পায়ের নিচে বাসি ফুলের আর্তনাদ। বিকিকিনির উপর দালালের শ্যেনচক্ষু, চটজলদি আখর এসে বসে নোটবইয়ের পাতায় পাতায়, এরই মাঝে কেউ হয়তো চিৎকার করে উঠল: “আমার পাঁচ কিলো চাই কিন্তু...”
সবচাইতে ভালো ফুলের খোঁজে হন্যে হয়ে বেড়ান মহিলারা। মুঠোবন্দি কুঁড়ি একে একে মুক্ত হয়ে খসে পড়ে আঙুলের ফাঁক দিয়ে, চলতে থাকে যাচাই পর্ব। প্রকৃত অর্থেই পুষ্পবৃষ্টি। একজন খদ্দের তো সন্তর্পণে একখান গোলাপ আর গাঁদা তুলে নিলেন, দাঁতের চাপে ফাঁক হল চুলের কাঁটা — খুটুক! কেশরাজি সেজে উঠল জোড়া পুষ্পে। তারপর মল্লি, গোলাপ, গাঁদা — নানারঙা ফুলে ভর্তি ঝুড়িখান মাথায় তুলে ভিড়ভাট্টা ঠেলে বাজার থেকে ফেরার পালা।
পথের ধারে, ছাতার তলে এক চিলতে ছায়ায়, একে একে সুতোয় বেঁধে নিলেন ফুলগুলি। বেচতে হবে যে! সবুজ সুতোর দুইধারে বাধ্য শিশুর মতো চুপটি করে বসে পড়ল জুঁইয়ের কুঁড়ি, বৃন্তগুলি সাজানো ভিতরের দিকে, পাপড়ির গর্ভে সুরভির ইন্তেজার। হয়তো কারও বেণি, কারও গাড়ির ভিতর, কিংবা দেবতার ছবির উপর গাঁথা পেরেকে — যেখানেই ফুটুক না কেন, তার গন্ধে গন্ধে ঘোষিত হবে একটাই নাম: মাদুরাই মল্লি।
তিনবছরে মোট তিনবার এই মাট্টুঠাভনি বাজারে গিয়ে হাজির হয়েছিল পারি। সেপ্টেম্বর ২০২১-এ যখন প্রথমবার যাই, বিনায়ক চতুর্থী, অর্থাৎ গণেশের জন্মদিনের চারদিন আগে, সেটা ছিল ফুল ব্যবসায় চটজলদি হাতেখড়ি। কোভিডের জন্য তখন মাট্টুঠাভনি বাসস্ট্যান্ডের পিছনের দিকে অস্থায়ীভাবে বসছিল বাজারটা। কথা ছিল জোরজবরদস্তি সামাজিক দূরত্ব বজায় রাখার, কিন্তু সে শুধু কথার কথা।
ফুল ব্যবসায় আমাকে পাঠ দেওয়ার আগে মাদুরাই ফ্লাওয়ার মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি তাঁর নামখানি ঘোষণা করলেন: “আমার নাম পূকাডাই রামাচন্দ্রন। আর এইটা,” ফুল বাজারের দিকে হাত নেড়ে বললেন, “আমার ইউনিভার্সিটি।”






























