দুটো চোখেরই আলো যখন নিভে যায়, তখনও চিত্রার সঙ্গে মুথুরাজের মোলাকাতের বছর তিনেক বাকি। পোঙ্গাল পরবের ঠিক আগের দিন, ১৩ই জানুয়ারি, ২০১৩, সন্ধ্যা ৭টা – এই দিনক্ষণ তিনি কক্ষনো ভুলতে পারবেন না। সেদিন হঠাৎই তিনি টের পেলেন যে আর কিচ্ছুটি দেখতে পাচ্ছেন না। বীভৎস একটা ভয় যেন দলা পাকিয়ে গলার মাঝে কেমন আটকে আটকে যাচ্ছিল, এ ভুলে যাওয়া যে অসম্ভব।
তার পরের কয়েকটা বছর ছিল তিমিরঘন। একলা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতেন – রাগ, দুঃখ, চোখের জল সবকিছু মিলেমিশে একাকর হয়ে যেত, মনের মধ্যে কতই না খারাপ খারাপ চিন্তা এসে ভিড় জমাতো, আত্মহত্যা করার কথা ভাবতেন থেকে থেকে। ২৩ বছর বয়সে যখন চিত্রা এসে কড়া নাড়েন তাঁর বন্ধ দুয়ারে, ততদিনে তিনি "জীবন্ত একটা লাশ" হয়ে গেছেন। চিত্রাই যে তাঁর জিওনকাঠি, চিত্রার প্রেমই যে তাঁকে পুনর্জন্ম দিয়েছে, আলতো স্বরে সেকথা জানালেন তিনি।
মুথুরাজার এই অন্ধত্বের পিছনে রয়েছে একের পর এক দুর্ঘটনার সারি। ফুলের একটি খেত ছিল মাদুরাইয়ে তাঁদের, বাজারে বিক্রি করার জন্য ফুলের চাষ করত তাঁর পরিবার। একদিন সেখানেই বোনের সঙ্গে গোলাপের চারা লাগাচ্ছিলেন বছর সাতেকের মুথুরাজা। শুধু ক্ষণিকের একটা ভুল, উপড়ানো একটি গাছ ভাইয়ের হাত থেকে নিতে গিয়ে বড্ড তাড়াহুড়ো করে ফেলেছিল বোন, ব্যাস। মুখে এসে আঘাত করে গোলাপের ডাঁটি, দুটো চোখেই বিঁধে যায় কাঁটা।
ছ-ছ'বার অস্ত্রোপচার করতে হয়েছিল। তাই অন্তত কিছুটা হলেও বাঁ চোখের দৃষ্টিটা রক্ষা পেয়েছিল তাঁর। চিকিৎসার খরচা মেটাতে তাঁর মা-বাবা বাধ্য হয়েছিলেন তিন ছটাকের (০.০৩ একর) সেই খেতটা বেচে দিতে। তাতেও কুলোয়নি যদিও, কারণ বেশ খানিকটা টাকা ধার করতে হয়েছিল। এরপর পালা আসে ডান চোখটার, একদিন এক মোটরবাইক দুর্ঘটনায় সজোরে আঘাত এসে লাগে তাঁর চোখে। ইস্কুলের ক্লাস, পড়াশোনা, সবকিছুই একটা দুরূহ ধাঁধা হয়ে দাঁড়ায় মুথুরাজার কাছে। ব্ল্যাকবোর্ডের উপর খড়ি দিয়ে লেখা সাদা সাদা কিলবিলে অক্ষর, খুব কষ্ট হত পড়তে। তবে শিক্ষকদের সাহায্যে এই লড়াইটা ক্লাস ১০ অবধি টেনে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তিনি।
এরপরেই এসে হাজির সেই কালান্তক দিনটি, অর্থাৎ ১৩ই জানুয়ারি ২০১৩। বাড়ির সামনেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মুথুরাজা, আচমকা একটা লোহার খাম্বায় মাথা ঠুকে যায় তাঁর। দপ্ করে জীবন থেকে সমস্ত আলো নিভে যায়। এই আঁধার অবশ্য বেশিদিন টেকেনি। টিকবেই বা কী করে, তাই না? চিত্রার প্রণয়েই তো তিনি খুঁজে পেয়েছেন তাঁর হারানো প্রদীপের শিখা।